ইরানে হামলার সাহস আর কেউ দেখাবে না: ইরানি খতিব
- সর্বশেষ আপডেট ১০:১৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
- / 37
তেহরানে জুমার খুতবায় ইরানের শীর্ষ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আহমাদ খাতামি দাবি করেছেন, দেশটির বিরুদ্ধে সামরিক আগ্রাসনের চিন্তাও কেউ বাস্তবে রূপ দিতে পারবে না।
একই সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতি তীব্র অবিশ্বাসের কথাও তুলে ধরেন তিনি।
তেহরানের এক মসজিদে শুক্রবার (১৭ এপ্রিল) জুমার নামাজের খুতবায় এ বক্তব্য দেন খতিব আয়াতুল্লাহ আহমাদ খাতামি। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাসনিমের বরাতে জানা যায়, সম্ভাব্য হামলা প্রসঙ্গে তিনি স্পষ্ট করে বলেন—কেউ এমন চেষ্টা করলেও তার কোনো ফল আসবে না; ইসলামী বিপ্লব টিকে থাকবে।
খাতামির বক্তব্যে কেবল সামরিক হুমকির জবাবই ছিল না, ছিল কূটনৈতিক প্রক্রিয়া নিয়েও তীক্ষ্ণ মন্তব্য।
আলোচনার প্রসঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের আচরণ নিয়ে প্রশ্ন তোলেন এবং বিশেষভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে বলেন, তার বক্তব্যে বারবার অসত্য উঠে এসেছে। ফলে এমন নেতৃত্বের প্রতি আস্থা রাখা কঠিন—এমন ইঙ্গিতই দেন তিনি।
প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উদ্ধৃতি টেনে খাতামি বলেন, শত্রুপক্ষের বাহ্যিক সৌজন্যও সবসময় বিশ্বাসযোগ্য নয়। বিশেষ করে ট্রাম্পের মতো ব্যক্তিত্বের ক্ষেত্রে সতর্কতা জরুরি—এমন অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
ইসলামাবাদে সাম্প্রতিক আলোচনার প্রসঙ্গ টেনে ইরানি প্রতিনিধিদের অবস্থানেরও প্রশংসা করেন খাতামি। তার ভাষ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র যখন অতিরিক্ত শর্ত তোলে, তখনই ইরানি পক্ষ আলোচনা থেকে সরে আসে। এতে তিনি ইঙ্গিত দেন, ওয়াশিংটন হয়তো যুদ্ধক্ষেত্রে অর্জিত না হওয়া সুবিধা কূটনীতির মাধ্যমে আদায় করতে চায়।
খুতবার শেষাংশে তিনি বলেন, অপমানজনক কোনো শর্তে আলোচনায় রাজি হওয়ার প্রশ্নই ওঠে না। ইরানের জনগণ এমন প্রস্তাব মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি।
উল্লেখ্য, গত ফেব্রুয়ারিতে আয়াতুল্লাহ খামেনি ও কয়েকজন সামরিক কমান্ডার হত্যার ঘটনার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের উত্তেজনা তীব্র আকার নেয়।
পাল্টা হিসেবে ইরান দীর্ঘ সময় ধরে সামরিক প্রতিক্রিয়া জানায়। পরে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলেও, টানা বৈঠকের পরও এখনো কোনো চূড়ান্ত সমঝোতা হয়নি।































