ইকুয়েডরে যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক অভিযান শুরু

- সর্বশেষ আপডেট ০৯:২২:৫৪ অপরাহ্ন, বুধবার, ৪ মার্চ ২০২৬
- / 195
ইরানের সঙ্গে উত্তেজনা চলতেই লাতিন আমেরিকার দেশ ইকুয়েডরে নতুন সামরিক তৎপরতায় নেমেছে যুক্তরাষ্ট্র। মাদক পাচার দমন ও সশস্ত্র গোষ্ঠীর বিরুদ্ধে দেশটির বাহিনীর সঙ্গে যৌথ অভিযান শুরুর কথা নিশ্চিত করেছে মার্কিন সাউদার্ন কমান্ড।
বুধবার প্রকাশিত বিবৃতিতে জানানো হয়, ইকুয়েডরের নিরাপত্তা বাহিনীর সঙ্গে সমন্বয় করে এই অভিযান পরিচালিত হচ্ছে। তাদের ভাষ্য, দীর্ঘদিন ধরে সহিংসতা ও দুর্নীতির সঙ্গে জড়িত যেসব নেটওয়ার্ক অঞ্চলজুড়ে সক্রিয়, সেগুলোর বিরুদ্ধেই এই পদক্ষেপ।
ভৌগোলিক অবস্থানের কারণে সাম্প্রতিক বছরগুলোতে ইকুয়েডর আন্তর্জাতিক মাদক পাচারের একটি গুরুত্বপূর্ণ ট্রানজিট পয়েন্টে পরিণত হয়েছে।
কোকেন উৎপাদনে শীর্ষে থাকা কলম্বিয়া ও পেরুর মাঝামাঝি অবস্থান করায় বিপুল পরিমাণ মাদক দেশটির ভেতর দিয়ে পাচার হয়। এই রুট নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সশস্ত্র গোষ্ঠীগুলোর রক্তক্ষয়ী সংঘর্ষে সহিংসতা বেড়েছে, প্রাণহানিও ঘটেছে উল্লেখযোগ্য হারে। পরিস্থিতি মোকাবিলায় সরকার কঠোর অবস্থানে গেছে।
ডানপন্থী প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া ক্ষমতায় আসার পর যুক্তরাষ্ট্রের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা নতুন মাত্রা পায়। যদিও গণভোটে বিদেশি সামরিক ঘাঁটির বিপক্ষে মত দিয়েছিলেন অনেক ভোটার, তারপরও বিশেষ ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিশ্চিত করা হয়। মান্তা বন্দরের সাবেক ঘাঁটিতে মার্কিন বাহিনীর সদস্যরা নজরদারি কার্যক্রম চালাচ্ছেন বলে জানা গেছে। ড্রোন ও পর্যবেক্ষণ বিমানের সহায়তায় পাচার চক্রের গতিবিধি চিহ্নিত করার চেষ্টা চলছে।
ওয়াশিংটনের দাবি, এটি মাদক সন্ত্রাস দমনে প্রয়োজনীয় পদক্ষেপ। তবে কিছু বিশ্লেষক মনে করেন, দক্ষিণ আমেরিকায় প্রভাব পুনর্গঠনের কৌশলের সঙ্গেও বিষয়টি যুক্ত থাকতে পারে।



































