আশুগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে জেলের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৩:০৮:১২ অপরাহ্ন, সোমবার, ৫ অক্টোবর ২০২৬
- / 13
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে বুরহান (২৮) নামে এক জেলের মৃত্যু হয়েছে। রোববার (৪ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার বাজার চারতলা সংলগ্ন জোনাকি বিলে এ ঘটনা ঘটে।
নিহত বুরহান আশুগঞ্জ উপজেলার আড়াইসীধা পশ্চিমপাড়া গ্রামের আরিজ মিয়ার ছেলে। তিনি দুই সন্তানের বাবা।
স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো রোববার মাগরিবের নামাজের পর জোনাকি বিলে মাছ ধরতে যান বুরহান। সন্ধ্যার দিকে হঠাৎ আকাশ কালো মেঘে ঢেকে যায়। শুরু হয় বজ্রসহ বৃষ্টি। একপর্যায়ে বিকট শব্দে বজ্রপাত হলে ঘটনাস্থলেই বুরহানের মৃত্যু হয়। পরে স্থানীয়রা তার মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।
আড়াইসীধা ইউনিয়ন পরিষদের সদস্য নাসির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাছ ধরার সময় বজ্রপাতে বুরহানের মৃত্যু হয়েছে। তিনি এলাকায় পরিচিত একজন জেলে ছিলেন।
আশুগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. আনিসুর রহমান বলেন, বজ্রপাতে জেলের মৃত্যুর খবর পেয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাকে ঘটনাস্থলে গিয়ে বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেওয়া হয়েছে।






























