আলেমদের নিরাপত্তার নিশ্চয়তা দিলেন ধর্মমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৭:৪১:২৭ অপরাহ্ন, রবিবার, ১৭ মে ২০২৬
- / 59
ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেছেন, প্রয়োজনে যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত থাকলেও আলেম-ওলামাদের ওপর কোনো ধরনের অবিচার, অত্যাচার বা জুলুম হতে দেওয়া হবে না।
রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে কোরবানির পশুর চামড়া সংরক্ষণ বিষয়ে আলেম-ওলামাদের করণীয় শীর্ষক এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি জানান, প্রধানমন্ত্রীও এ বিষয়ে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন এবং মাদ্রাসা ও ধর্মীয় প্রতিষ্ঠান যেন কোনোভাবে বঞ্চিত না হয়, সে বিষয়ে সরকার সচেতনভাবে কাজ করছে।
ধর্মমন্ত্রী আরও বলেন, দেশের ধর্মীয় শিক্ষা ও আলেম সমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার মতে, আলেমদের ঐক্যবদ্ধ অবস্থান থাকলে অনেক জাতীয় বিষয়ে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
চামড়া সংরক্ষণ প্রসঙ্গে তিনি অতীতের অভিজ্ঞতা তুলে ধরে বলেন, উপযুক্ত ব্যবস্থাপনার অভাবে অনেক সময় চামড়ার ন্যায্য মূল্য পাওয়া যায় না। এ ধরনের পরিস্থিতি এড়াতে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নেবে এবং সিন্ডিকেট ও দালালচক্রের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।
সভায় মাদ্রাসা শিক্ষক, ইমাম, খতিবসহ বিভিন্ন পর্যায়ের আলেমরা উপস্থিত ছিলেন।
































