আর্ন্তজাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে ‘নয়া মানুষ’

- সর্বশেষ আপডেট ০১:৫৪:০৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ নভেম্বর ২০২৫
- / 223
বাংলাদেশি চলচ্চিত্র ‘নয়া মানুষ’ অংশ নিচ্ছে দুটি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে-বাংলাদেশের ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এবং পাকিস্তানের ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল-এ। উভয় উৎসব থেকেই ছবিটি আনুষ্ঠানিক আমন্ত্রণ পেয়েছে।
আ. মা. ম. হাসানুজ্জামানের উপন্যাস ‘বেদনার বালুচরে’ অবলম্বনে মাসুম রেজার সংলাপ ও চিত্রনাট্যে চলচ্চিত্রটি নির্মাণ করেছেন সোহেল রানা বয়াতি। এতে অভিনয় করেছেন রওনক হাসান,মৌসুমী হামিদ,আশিস খন্দকার,ঝুনা চৌধুরী,শিখা কর্মকার,নিলুফার ওয়াহিদ,বদরুদ্দোজা,মাহিন রহমান,নাজমুল হোসেন,স্মরণ সাহা,সানজনা মেহরান ও শিশু শিল্পী ঊষশী।
নাট্যকার ও চিত্রনাট্যকার মাসুম রেজা বলেন,
“নয়া মানুষ ”পৃথিবীর নানা চলচ্চিত্র উৎসবে আমন্ত্রিত হচ্ছে-এটি আমার জন্য আনন্দের বিষয়। ছবিটি ধর্ম-বর্ণ নির্বিশেষে সহাবস্থানের বার্তা দেয়। আন্তর্জাতিক দর্শকরা আমাদের সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতিফলন দেখতে পাবেন।
রেইনবো ফিল্ম সোসাইটি আয়োজিত ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২০২৬ সালের ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। উৎসবের বাংলাদেশ প্যানারোমা বিভাগে প্রতিযোগিতা করবে ‘নয়া মানুষ’।
অন্যদিকে, পাকিস্তানের করাচিতে আয়োজিত ওয়ার্ল্ড কালচারাল ফেস্টিভ্যাল শুরু হয়েছে ৩১ অক্টোবর এবং চলবে ৭ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত। বিশ্বের শতাধিক দেশের শিল্পী, সংগীত, নাটক ও নৃত্য পরিবেশনার পাশাপাশি প্রতি সপ্তাহে থাকছে চলচ্চিত্র প্রদর্শনী। উৎসবের অংশ হিসেবে ২৭ নভেম্বর স্থানীয় সময় বিকেল ৪টায় প্রদর্শিত হবে ‘নয়া মানুষ’।
উৎসবের বিশেষ আকর্ষণ হিসেবে থাকছেন কিংবদন্তি সংগীতশিল্পী রাহাত ফতেহ আলী খান, যিনি উৎসবের অ্যাম্বাসেডর হিসেবেও দায়িত্ব পালন করছেন।
নির্মাতা সোহেল রানা বয়াতি বলেন, “আমরা সহজ ও মানবিক গল্প সাধারণভাবে দর্শকের কাছে পৌঁছে দিতে চেয়েছি। দেশ ও বিদেশে প্রথম চলচ্চিত্র প্রদর্শনের অভিজ্ঞতা ভবিষ্যৎ কাজের অনুপ্রেরণা দিচ্ছে।”
চলচ্চিত্রটির চিত্রগ্রহণ করেছেন কমল চন্দ্র দাস। সুপার সাইক্লোন ‘সিত্রাং’-এর সময় চাঁদপুরের দুর্গম কানুদীর চরে সম্পন্ন হয় শুটিং। গান গেয়েছেন বাউল শফি মণ্ডল, চন্দনা মজুমদার, বেলাল খান, অনিমেষ রায়, মাসা ইসলাম ও খাইরুল ওয়াসী। সঙ্গীত পরিচালনা করেছেন ইমন চৌধুরী, মুশফিক লিটু ও শোভন রায়।





































