শিরোনাম
আয়কর রিটার্ন দাখিলের সময় বাড়ল
অর্থনৈতিক প্রতিবেদক
- সর্বশেষ আপডেট ০৫:২৩:২২ অপরাহ্ন, রবিবার, ২৩ নভেম্বর ২০২৫
- / 169
২০২৫-২৬ কর বছরের জন্য ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের সময় এক মাস বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত নির্ধারণ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। রোববার (২৩ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এনবিআর জানিয়েছে, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অনলাইনে রিটার্ন দাখিল করতে না পারা করদাতারা ১৫ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে যৌক্তিক কারণসহ আবেদন করতে পারবেন।
এবার ৬৫ বছর বা তার বেশি বয়সী প্রবীণ করদাতা, শারীরিকভাবে অক্ষম বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, বিদেশে অবস্থানরত বাংলাদেশি করদাতা, মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি, এবং বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের ব্যতীত সব ব্যক্তি শ্রেণির করদাতাদের জন্য অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।




























