‘আমাদের কাজী নজরুল তারেক রহমান’: চিফ হুইপ
- সর্বশেষ আপডেট ০৫:৫৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
- / 147
জাতীয় সংসদের চিফ হুইপ নূরুল ইসলাম মনি বলেছেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ছিলেন অন্যায়, অবিচার ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। তিনি একই সঙ্গে প্রেম, মানবতা, ধর্মীয় সম্প্রীতি ও দ্রোহের কবি। নজরুলের আদর্শ আজও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অনুপ্রেরণা জোগায়।
সোমবার (২৪ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের আকরাম খাঁ হলে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
চিফ হুইপ বলেন, নজরুল যুগে যুগে জন্ম নেন না; তাঁর সৃষ্টিকর্মের মধ্য দিয়েই তিনি মানুষের মাঝে বেঁচে থাকেন। আজকের বাংলাদেশে অন্যায়-অবিচারের বিরুদ্ধে যে নেতৃত্ব প্রয়োজন, সেই নেতৃত্ব দিচ্ছেন তারেক রহমান। তিনি বলেন, ‘আমাদের নজরুল তারেক রহমান।’
নূরুল ইসলাম মনি বলেন, দেশের মানুষ দীর্ঘদিন অন্যায়, নির্যাতন, নিপীড়ন ও মানবাধিকার লঙ্ঘনের শিকার হয়েছে। আয়নাঘর, গুম, জেল-জুলুম ও নির্যাতনের মতো ঘটনা মানুষের মনে গভীর ক্ষত তৈরি করেছে। এসব অন্যায়ের বিরুদ্ধে মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তারেক রহমান নেতৃত্ব দিয়েছেন এবং কঠিন সময়েও মানুষের পাশে থেকেছেন।
তিনি আরও বলেন, কাজী নজরুল ইসলাম সমাজ ও রাষ্ট্রের নানা অসঙ্গতি, অন্যায়, ক্ষুধা, দারিদ্র্য ও মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন। তিনি কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের কবি নন; তিনি সব মানুষের কবি। তাঁর লেখায় যেমন দ্রোহ রয়েছে, তেমনি রয়েছে প্রেম, মানবতা ও মানুষের মৌলিক অধিকারের কথা।
চিফ হুইপ বলেন, জীবদ্দশায় নজরুলকে যথাযথ মূল্যায়ন করা হয়নি। তাই শুধু মৃত্যুবার্ষিকীতে আনুষ্ঠানিকভাবে তাঁকে স্মরণ করলেই হবে না; তাঁর মানবিক চেতনা ও আদর্শকে নিজেদের জীবনে ধারণ করতে হবে।
দেশের বর্তমান সংকট প্রসঙ্গে তিনি বলেন, দীর্ঘদিনের সমস্যার সমাধান রাতারাতি সম্ভব নয়। একটি দেশকে এগিয়ে নিতে সময়, ধৈর্য ও সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ একসময় দুর্ভিক্ষ ও সংকট কাটিয়ে ঘুরে দাঁড়িয়েছিল। দেশের অর্থনৈতিক, রাজনৈতিক ও সামাজিক সংকট মোকাবিলায় একইভাবে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য মুহাম্মদ আব্দুল মালিক এবং প্রধান বক্তা ছিলেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন। বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অধ্যাপক আব্দুল লতিফ মাসুম ও নাট্যকার বাবুল আহমেদ। এতে সংস্কৃতি অঙ্গনের ব্যক্তিত্ব, সাংস্কৃতিক দলের নেতৃবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।





























