নাসিক প্রশাসককে ঘিরে হকারদের উত্তেজনা
- সর্বশেষ আপডেট ১০:৫০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
- / 26
নারায়ণগঞ্জ শহরে হকার উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সিটি করপোরেশনের (নাসিক) প্রশাসক সাখাওয়াত হোসেন খানের ওপর হামলার চেষ্টার অভিযোগ উঠেছে। রোববার (২৫ অক্টোবর) রাতে বঙ্গবন্ধু সড়ক ও শায়েস্তা খান সড়কে অভিযান চলাকালে হকারদের সঙ্গে প্রশাসক ও উচ্ছেদকর্মীদের বাগবিতণ্ডা হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শীরা জানান, নাসিক প্রশাসক ও মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান এবং মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু উচ্ছেদকর্মীদের নিয়ে অভিযানে যান। একপর্যায়ে হকাররা ক্ষুব্ধ হয়ে প্রশাসককে ঘিরে ধরেন এবং উচ্ছেদকর্মীদের সঙ্গে উত্তেজনায় জড়ান। এ সময় উচ্ছেদকর্মীদের মারধরের অভিযোগও ওঠে।
জীবন নামে এক হকার অভিযোগ করেন, কোনো নোটিশ না দিয়েই রাতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। এ সময় তাদের মালামাল নিয়ে যাওয়া এবং হকারদের ওপর হামলা করা হয়েছে বলে দাবি করেন তিনি। এ ঘটনার বিচার দাবি করেন জীবন।
সাইফুল ইসলাম নামে আরেক হকার অভিযোগ করেন, প্রশাসকের লোকজন তাদের ওপর হামলা চালিয়ে মালামাল নিয়ে গেছে। এ ঘটনার বিচার না পেলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। পুলিশ তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছে বলে জানান তিনি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুর রহমান বলেন, প্রশাসক উচ্ছেদ অভিযান চালানোর বিষয়ে পুলিশ বা প্রশাসনকে আগে থেকে জানাননি। অভিযান শেষে হকারদের সঙ্গে তাঁর বাগবিতণ্ডা হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রশাসক বর্তমানে বাসায় অবস্থান করছেন বলেও জানান তিনি।
অন্যদিকে, নাসিক প্রশাসক সাখাওয়াত হোসেন খান বলেন, উচ্ছেদ অভিযান চলাকালে হকাররা উচ্ছেদকর্মীদের ওপর হামলার চেষ্টা করেন এবং তাঁর সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান। তাঁরা রাস্তায় মালামাল ফেলে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করেন বলেও অভিযোগ করেন তিনি। পরে তিনি ঘটনাস্থল ত্যাগ করেন এবং বর্তমানে বাসায় রয়েছেন।




























