আমরা থামব না, থামানোর সুযোগ নেই: জামায়াত আমির
- সর্বশেষ আপডেট ০৬:০৫:৪১ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
- / 67
আগামী সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের সর্বোচ্চ শক্তি নিয়ে মাঠে নামার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, ‘আমরা থামব না, আমাদের থামার সুযোগ নেই।’ আগের নির্বাচনে পাওয়া ভোট রক্ষা করতে না পারার অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার ভুলত্রুটি কাটিয়ে ওঠার ওপর গুরুত্ব দেন তিনি।
শুক্রবার (২৩ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের রুকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শফিকুর রহমান।
স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নেতাকর্মীদের দিনরাত পরিশ্রম করার আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, জাতীয় নির্বাচনে দলের ভুলত্রুটি ও দুর্বলতার জায়গাগুলো চিহ্নিত করা হয়েছে। ভবিষ্যতে যেন একই ভুলের পুনরাবৃত্তি না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
গত জাতীয় নির্বাচনের অভিজ্ঞতা তুলে ধরে তিনি দাবি করেন, জনগণ জামায়াতকে ভোট দিলেও সেই ভোট রক্ষা করা সম্ভব হয়নি। ভোট দেওয়ার পরও তা ধরে রাখতে না পারার কথা মানুষ তাঁদের জানিয়েছে বলে মন্তব্য করেন তিনি। ওই নির্বাচনের ভুল ও দুর্বলতা নিয়ে পর্যালোচনা করা হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, এবার সেই অভিজ্ঞতা কাজে লাগালে একই ভুল আর হবে না।
সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থীদের পক্ষে সর্বোচ্চ প্রচেষ্টা চালানোর তাগিদ দিয়ে শফিকুর রহমান বলেন, দল যাঁদের প্রার্থী করেছে, তাঁদের মধ্যে আল্লাহর দেওয়া জ্ঞানের বড় নিয়ামত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে দুর্বৃত্তদের বিরুদ্ধে প্রাচীর গড়ে তুলতে হবে। কোনো চোরকে আর ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি। দেশ কারা পরিচালনা করবে, তা জনগণই ঠিক করবে বলে উল্লেখ করেন জামায়াত আমির।
সমাজ পরিবর্তনের প্রশ্নে আপসহীন অবস্থানের কথা জানিয়ে তিনি বলেন, বসে বসে আর তামাশা দেখা হবে না। সংগতভাবেই প্রতিবাদ করা হবে এবং যেখানে সামর্থ্য থাকবে, সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে।
রুকনদের উদ্দেশে শফিকুর রহমান বলেন, তাঁদের মূল লক্ষ্য আল্লাহর জান্নাতে যাওয়া। দিন এনে দিন খাওয়া মানুষেরাও আল্লাহর পথে গুরুত্বপূর্ণ অবদান রাখেন বলে মন্তব্য করেন তিনি। ২০২৪ সালের গণঅভ্যুত্থানে অংশগ্রহণকারীদের মধ্যে ৭০ শতাংশই দিন এনে দিন খাওয়া মানুষ ছিলেন বলেও দাবি করেন তিনি।
সংগঠনের সাংগঠনিক অগ্রগতির প্রসঙ্গ টেনে জামায়াত আমির বলেন, একসময় ঢাকা মহানগরী উত্তর ও দক্ষিণের সাংগঠনিক অবস্থা দুর্বল ছিল। নেতাকর্মীদের ত্যাগ, কোরবানি ও পরিশ্রমের মাধ্যমে সংগঠন বর্তমান অবস্থানে পৌঁছেছে।
তিনি বলেন, ‘এই দেশ কোরআনের ভিত্তিতে পরিচালিত হবে, ইনশাআল্লাহ।’ নির্বাচনে সৎ, যোগ্য ও খোদাভীরু নেতৃত্ব প্রতিষ্ঠায় সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার জন্য রুকনদের প্রতি আহ্বান জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, রুকনিয়াত কোনো পদ-পদবি নয়, বরং এটি একটি মান। একে ক্ষমতা মনে করলে ভুল হবে। আগামী মেয়র নির্বাচনে শক্তিশালী ভূমিকা পালনের মাধ্যমে নেতাকর্মীদের ত্যাগ ও নিষ্ঠার প্রমাণ দিতে হবে। তাহলেই মেয়র ও কাউন্সিলর নির্বাচনে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন সম্ভব হবে বলে মন্তব্য করেন তিনি।
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন বলেন, রুকন সংখ্যা বাড়ানোর পাশাপাশি সদস্যদের মান, শৃঙ্খলা ও দক্ষতাও বাড়াতে হবে। আস্থাভাজন নেতৃত্ব গড়ে তোলার পাশাপাশি শক্তিশালী সংগঠন প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সম্মেলনে ঢাকা মহানগরী উত্তর জামায়াতের উদ্যোগে তৈরি ‘নাগরিক সেবা’ অ্যাপ উদ্বোধন করেন ডা. শফিকুর রহমান। আয়োজকদের ভাষ্য, অ্যাপটিতে নাগরিকদের জন্য ৫০টির বেশি সেবামূলক সুবিধা থাকবে।
সম্মেলনটি দুই পর্বে অনুষ্ঠিত হয়। সকাল ৯টা ৪৫ মিনিট থেকে ১১টা পর্যন্ত নির্বাচনী অধিবেশনে প্রায় ১ হাজার ৩০০ রুকন সদস্য ২০২৭-২০২৮ মেয়াদের জন্য ঢাকা মহানগরী উত্তরের আমির নির্বাচনে ভোট দেন।
নির্বাচন পরিচালনা করেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন। তাঁকে সহযোগিতা করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য নুরুল ইসলাম বুলবুল এমপি এবং কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য আ. সবুর ফকির।
ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি ড. মুহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় সম্মেলনে আরও বক্তব্য দেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য মোবারক হোসেন ও নুরুল ইসলাম বুলবুল এমপি।





























