আদ-দ্বীন হাসপাতাল নিয়ে সিদ্ধান্ত হবে পরিদর্শনের পর
- সর্বশেষ আপডেট ০৬:০৯:৩১ অপরাহ্ন, সোমবার, ১৩ জুলাই ২০২৬
- / 20
ত্রুটি সংশোধনের পর পুনরায় পরিদর্শনের আবেদন করেছে আদ-দ্বীন হাসপাতাল কর্তৃপক্ষ। পরিদর্শনে পরিস্থিতি সন্তোষজনক পাওয়া গেলে হাসপাতালের লাইসেন্সের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
সোমবার সচিবালয়ে বন্যাকবলিত এলাকায় স্বাস্থ্যসেবা কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত থেকে সরকার সরে আসছে কিনা—এমন প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ছয় শিশুর মৃত্যুর ঘটনায় সরকার ব্যবস্থা না নিলে সমালোচনার মুখে পড়ত। এ কারণে ঘটনার পর সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি জানান, হাসপাতালের আইসিইউসহ বিভিন্ন অবকাঠামোগত ত্রুটি দূর করার নির্দেশ দেওয়া হয়েছিল। হাসপাতাল কর্তৃপক্ষ এসব ত্রুটি সংশোধনের কাজ চলছে বলে জানিয়েছে।
মন্ত্রী বলেন, নতুন করে পরিদর্শনের আবেদন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরেজমিনে পরিস্থিতি পর্যালোচনা করবেন। সেখানে সন্তোষজনক অগ্রগতি পাওয়া গেলে লাইসেন্সের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বিষয়ে তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছে বলে তিনি জানতে পেরেছেন। তবে এ ঘটনায় দায়ের হওয়া মামলা বর্তমানে বিচারাধীন রয়েছে এবং এর সিদ্ধান্ত আদালতের মাধ্যমেই হবে।
তিনি আরও জানান, আদ-দ্বীন হাসপাতালকে এখনো কোনো চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়নি। পুনরায় পরিদর্শনের পরই এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।




































