আদালতে যা বললেন হাদি হত্যা মামলার প্রধান আসামি

- সর্বশেষ আপডেট ০৩:১৯:৫৮ অপরাহ্ন, রবিবার, ২২ মার্চ ২০২৬
- / 205
ভারতের আদালতে তোলা হলে হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদ নিজের বিরুদ্ধে আনা অভিযোগ সরাসরি অস্বীকার করেছেন।
রোববার (২২ মার্চ) উত্তর চব্বিশ পরগনার বিধাননগর মহকুমা আদালতে হাজির করা হয় ফয়সাল করিম মাসুদকে। হাদি হত্যা নিয়ে প্রশ্ন করা হলে সংক্ষিপ্ত জবাবে তিনি বলেন, তিনি এই হত্যাকাণ্ডে জড়িত নন এবং এমন কোনো কাজেও তার সংশ্লিষ্টতা নেই।
১৪ দিনের পুলিশ রিমান্ড শেষে তাকে আদালতে তোলা হয়। এর আগে শারীরিক পরীক্ষার জন্য হাসপাতালে নেওয়া হলেও সেখানে তিনি কোনো কথা বলেননি।
চলতি মাসের ৭ মার্চ সীমান্তবর্তী বনগাঁ এলাকা থেকে ফয়সাল ও তার সহযোগী আলমগীরকে গ্রেপ্তার করে পশ্চিমবঙ্গ পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের রিমান্ডে নেওয়া হয়।
উল্লেখ্য, ২০২৫ সালের ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় গুলিবিদ্ধ হন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি। পরে চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে তার মৃত্যু হয়।

































