প্রেসসচিব শফিকুল আলম
আগে রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার পড়ি, পরে মন্তব্য

- সর্বশেষ আপডেট ০৬:৪২:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৯ অক্টোবর ২০২৫
- / 220
আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্সে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাক্ষাৎকার বিষয়ে প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম বলেছেন, ‘রয়টার্সে শেখ হাসিনার সাক্ষাৎকার দেওয়ার বিষয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কথা বলবেন। তবে আমরা এ বিষয়ে আগে তার ইন্টারভিউটা পড়ি, তারপর এ বিষয়ে মন্তব্য করতে পারব।’
বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দেশের গণমাধ্যমে শেখ হাসিনার সাক্ষাৎকার প্রকাশ এবং বিদেশি গণমাধ্যমে তার সাক্ষাৎকারের বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।
প্রেসসচিব বলেন, ‘একটা বিষয়ে আমরা বারবার বলছি—এটা জাতিসংঘের রিপোর্টেও প্রমাণিত যে, এই একাবিংশ শতাব্দীতে উনার (শেখ হাসিনা) চেয়ে বড় খুনি বা মানবাধিকার লঙ্ঘন, এ রকম ভয়ানকভাবে কেউ করেননি। এটা আমরা বারবার বলছি এবং এটা জাতিসংঘের রিপোর্টেও স্পষ্টভাবে এসেছে। পরবর্তীকালে আলজাজিরা তাদের এক ঘণ্টার একটা প্রোগ্রাম করেছে, সেখানে দেখা গেছে যে—উনি খুন করার নির্দেশ দিচ্ছেন। যারা উনাকে ইন্টারভিউ করছেন, আমরা মনে করি, অবশ্যই এই কনটেক্সট (পটভূমি) যেন কেউ ভুলে না যান।
প্রেসসচিব বলেন, ‘আওয়ামী লীগ দাবি করছে, ৪০০ জন মারা গেছে। অভিযোগ যারা জমা দিয়েছে, আমাদের টাকা চুরি করেছে, সেই টাকা দিয়ে যুক্তরাজ্যের সবচেয়ে দামি ল ফার্মকে নিয়োগ করে, এই ধরনের কাজ তারা করছে। আমাদের দেশের চুরির টাকায় এই কাজটি করেছে, এটাকেও আবার কেউ কেউ প্রমোট করছেন।’
এক প্রশ্নের জবাবে প্রেসসচিব বলেন, ‘দেশে বসে অনেকে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে, আমরা এটা স্পষ্ট দেখছি। প্রধান উপদেষ্টা সেই বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেছেন। কেননা, পতিত স্বৈরাচার এবং তার দোসররা অবশ্যই চাইবে না যে, দেশে একটা অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক। তাদের সেই ১৫ বছরে একটা অবাধ নিরপেক্ষ নির্বাচন হয়নি। এটা শুধু সাধারণ নির্বাচন না, ওই সময় ১০-১৫ হাজার তৃণমূল পর্যায়েও তো নির্বাচন হয়েছে। একটা নির্বাচনও সুষ্ঠু হয়নি। সুতরাং তারা চাইবে না, আরেকটা সুষ্ঠু নির্বাচন হোক।


































