আওয়ামী লীগের আপত্তি নাকচ, জুলাই অভ্যুত্থান প্রতিবেদনে আস্থা জাতিসংঘের
- সর্বশেষ আপডেট ১০:০০:০২ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 15
জুলাই অভ্যুত্থান প্রতিবেদন নিয়ে জাতিসংঘের আস্থা অটুটজুলাই গণ-অভ্যুত্থানে নিহতের সংখ্যা নিয়ে আওয়ামী লীগের আপত্তির পরও জাতিসংঘ জানিয়েছে, তাদের মানবাধিকার দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের তথ্যের ওপর পূর্ণ আস্থা রয়েছে।
২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের প্রকাশিত প্রতিবেদনের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহের কোনো কারণ নেই বলে জানিয়েছে জাতিসংঘ। নিউইয়র্কে সংস্থাটির সদর দপ্তরে অনুষ্ঠিত নিয়মিত ব্রিফিংয়ে এ কথা বলেন জাতিসংঘের মুখপাত্র স্টিফেন দুজারিক।
ব্রিফিংয়ে উল্লেখ করা হয়, ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকার ও দলটির নেতারা প্রতিবেদনের বিভিন্ন তথ্য, বিশেষ করে নিহতের সংখ্যা নিয়ে আপত্তি তুলেছেন। ভারতীয় কয়েকটি গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ বিষয়ে জাতিসংঘের কাছে চিঠি দিয়েছেন।
এর জবাবে স্টিফেন দুজারিক বলেন, মানবাধিকার দপ্তরের তদন্ত ও প্রকাশিত প্রতিবেদনের নির্ভরযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলার কোনো ভিত্তি নেই।
জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৪ সালের জুলাই গণ-অভ্যুত্থান এবং ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের ঘটনাপ্রবাহে প্রায় ১ হাজার ৪০০ জন নিহত হন। তদন্ত শেষে মানবাধিকার দপ্তর এ প্রতিবেদন প্রকাশ করে।
এদিকে বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচারের বিষয়ে এক প্রশ্নের জবাবে জাতিসংঘের মুখপাত্র বলেন, অবৈধভাবে অর্জিত অর্থ বিদেশে পাচার উন্নয়নের পথে বড় বাধা। জনগণের অর্থ জনগণের কাছে ফিরিয়ে দিতে আন্তর্জাতিক সহযোগিতা আরও জোরদার করার প্রয়োজন রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।































