মে মাসে নির্যাতনের শিকার ২৫৯ নারী ও কন্যা
- সর্বশেষ আপডেট ০৯:৪৩:২৮ অপরাহ্ন, বুধবার, ৩ জুন ২০২৬
- / 181
গত মে মাসে দেশে মোট ২৫৯ জন নারী ও কন্যা বিভিন্ন ধরনের সহিংসতা ও নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ১৪৫ জন কন্যা এবং ১১৪ জন নারী। ধর্ষণ, হত্যা, অপহরণ, যৌন সহিংসতা, আত্মহত্যা ও পারিবারিক নির্যাতনসহ নানা ঘটনায় উদ্বেগজনক চিত্র উঠে এসেছে।
বুধবার (৩ জুন) বাংলাদেশ মহিলা পরিষদের প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, মে মাসে ৭২ জন নারী ও কন্যা ধর্ষণের শিকার হয়েছেন। তাদের মধ্যে ৫৯ জন কন্যা ও ১৩ জন নারী। এছাড়া ১৫ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন, যার মধ্যে ৮ জন কন্যা। ধর্ষণের পর হত্যা করা হয়েছে ৪ জনকে, তাদের মধ্যে ৩ জন কন্যা। ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে ৩ জন কন্যা। একই সময়ে ২৬ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে, যার মধ্যে ২২ জন কন্যা।
প্রতিবেদনে আরও বলা হয়, ২২ জন যৌন সহিংসতার শিকার হয়েছেন। এর মধ্যে ১৫ জন যৌন নিপীড়ন, ২ জন উত্ত্যক্তকরণ এবং ৩ জন সাইবার সহিংসতার শিকার হয়েছেন। উত্ত্যক্তকরণের কারণে আত্মহত্যা করেছে ২ জন কন্যা।
মে মাসে ৪৬ জন নারী ও কন্যা হত্যার শিকার হয়েছেন, যার মধ্যে ১২ জন কন্যা। হত্যাচেষ্টার ঘটনা ঘটেছে ২টি। এছাড়া ২২ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে এবং ১৫ জন আত্মহত্যা করেছেন। আত্মহত্যায় প্ররোচনার শিকার হয়েছেন ৪ জন।
এছাড়া ২ জন এসিডদগ্ধ, ১ জন অগ্নিদগ্ধ, ৪ জন যৌতুক-নির্যাতনের শিকার হয়েছেন। পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ১ জন এবং গৃহকর্মী নির্যাতনের শিকার হয়েছে ১ জন কন্যা।
প্রতিবেদন অনুযায়ী, ২৬ জন অপহরণের শিকার হয়েছেন, যার মধ্যে ১৬ জন কন্যা। অপহরণের চেষ্টার ঘটনা ঘটেছে ২টি এবং পাচারের শিকার হয়েছেন ৩ জন। শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন ৯ জন, আর বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন আরও ৫ জন।




































