রেড ক্রিসেন্ট নির্বাচনে ২৯ প্রার্থীর মনোনয়ন দাখিল

- সর্বশেষ আপডেট ০৫:৪৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
- / 83
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ২০২৬-২০২৮ মেয়াদের ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে ২৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।
বুধবার (১৮ নভেম্বর) সোসাইটির জাতীয় সদর দপ্তরে নির্ধারিত সময়ের মধ্যে প্রার্থীরা নিজ নিজ পদের বিপরীতে মনোনয়নপত্র দাখিল করেন। এর আগে মঙ্গলবার নির্বাচনে অংশ নিতে ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন।
সোসাইটির চেয়ারম্যান ব্যারিস্টার মো. আবদুস সালামের উদ্যোগে সুষ্ঠু, স্বচ্ছ, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের লক্ষ্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী নির্বাচনী কার্যক্রম এগিয়ে চলছে। ২৯ জন প্রার্থীর মনোনয়নপত্র জমার মধ্য দিয়ে নির্বাচনী প্রক্রিয়া আরও এক ধাপ এগিয়েছে।
নির্বাচন তফসিল অনুযায়ী, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে প্রাথমিকভাবে মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২০ নভেম্বর মনোনয়নপত্র বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল গ্রহণ এবং ২১ নভেম্বর আপিল শুনানি ও নিষ্পত্তি করা হবে।
এ ছাড়া ২২ নভেম্বর বৈধ প্রার্থীদের তালিকা এবং ২৩ নভেম্বর প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন।
আগামী ২৫ নভেম্বর বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ব্যবস্থাপনা পর্ষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটগ্রহণ শেষে একই দিন ফলাফল ঘোষণা করা হবে।





































