এআই নীতি কমিটিতে সমসংখ্যক নারী রাখার দাবি নারীপক্ষের

- সর্বশেষ আপডেট ০৯:১২:৩৭ অপরাহ্ন, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬
- / 192
সোমবার (১৬ নভেম্বর) এক বিবৃতিতে নারীপক্ষ এ দাবি জানায়।
বিবৃতিতে বলা হয়, দেশের প্রায় অর্ধেক জনগোষ্ঠী নারী। অথচ কৃত্রিম বুদ্ধিমত্তার নেতিবাচক প্রভাব নারীদের ওপর তুলনামূলক বেশি পড়ছে। এমন বাস্তবতায় নারী প্রতিনিধিত্বহীন এ কমিটি নারীদের স্বার্থ কতটা বিবেচনায় নেবে, তা নিয়ে সংশয় রয়েছে। এ কারণে কমিটিতে সমসংখ্যক নারী অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
একই বিবৃতিতে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সাম্প্রতিক একটি বক্তব্যেরও প্রতিবাদ জানায় নারীপক্ষ। প্রতিমন্ত্রী বলেছিলেন, ‘স্বামী-স্ত্রী দুজনই চাকরি করুক, এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কারণ, এর সরাসরি প্রভাব পড়ে সন্তানদের ওপর।’
নারীপক্ষ বলেছে, প্রতিমন্ত্রী বক্তব্যটিকে ব্যক্তিগত পছন্দ-অপছন্দ হিসেবে উল্লেখ করলেও সরকারের একজন মন্ত্রী বা প্রতিনিধির প্রকাশ্য বক্তব্যকে নিছক ব্যক্তিগত বক্তব্য হিসেবে দেখার সুযোগ নেই। এ ধরনের বক্তব্য সরকারের মনোভাবের প্রতিফলন হিসেবে বিবেচিত হতে পারে এবং সমাজ ও জনমনে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, বাংলাদেশের পারিবারিক ও সামাজিক বাস্তবতায় স্বামী-স্ত্রীর মধ্যে একজনের চাকরির প্রশ্ন এলে সাধারণত স্বামীকেই অগ্রাধিকার দেওয়া হয়। তবে বর্তমান সময়ে নারীরা বিভিন্ন পেশায় সাফল্যের পাশাপাশি পরিবারের আর্থিক সচ্ছলতা ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে একজনের আয়ে সংসার চালানোও কঠিন হয়ে পড়েছে।
নারীপক্ষের মতে, সন্তান লালন-পালন ও মানসিক বিকাশের দায়িত্ব মা-বাবা দুজনের। এ দায়িত্ব কেবল একজনের ওপর চাপিয়ে দেওয়া যৌক্তিক নয়। একইভাবে সন্তান লালন-পালনের জন্য মা কিংবা বাবার সার্বক্ষণিক শারীরিক উপস্থিতিও অপরিহার্য নয়।
বিবৃতিতে প্রতিমন্ত্রীর বক্তব্য প্রত্যাহার এবং তাঁর বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে সরকারের প্রতি জোর দাবি জানিয়েছে নারীপক্ষ।



































