আইনি বাধায় ১১ দলীয় জোটের সংরক্ষিত মনোনয়ন
- সর্বশেষ আপডেট ০৪:০১:৪৩ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
- / 19
সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দিয়ে নির্বাচনী প্রক্রিয়ায় এগিয়ে থাকলেও জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটের এক প্রার্থীর ক্ষেত্রে এখন তৈরি হয়েছে গুরুতর আইনি অনিশ্চয়তা। নিয়ম অনুযায়ী যোগ্যতা প্রশ্নে আপত্তি উঠলে শেষ পর্যন্ত আসনটি হারানোর ঝুঁকিও উড়িয়ে দিচ্ছে না সংশ্লিষ্ট মহল।
ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে ১১ দলীয় জোট নিজেদের প্রার্থীতালিকা দাখিল করে। কিন্তু এর পরপরই আলোচনায় আসে জোটের এক প্রার্থীর যোগ্যতা নিয়ে জটিলতা।
গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, সরকারি বা সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের চাকরি থেকে পদত্যাগ বা অবসরের পর অন্তত তিন বছর পূর্ণ না হলে কেউ সংসদ নির্বাচনে অংশ নিতে পারেন না। নির্বাচন কমিশনের কর্মকর্তারাও বলছেন, সংরক্ষিত আসনের ক্ষেত্রেও এই বিধান সমানভাবে প্রযোজ্য।
জানা গেছে, জোটের প্রার্থী ও এনসিপির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন সম্প্রতি মনোনয়ন জমা দেন। এর আগে তিনি রাষ্ট্রায়ত্ত কৃষি ব্যাংকের কর্মকর্তা ছিলেন এবং গত বছরের ডিসেম্বরে চাকরি ছাড়েন। আইন অনুযায়ী তিন বছরের অপেক্ষাকাল পূর্ণ না হওয়ায় তাঁর প্রার্থিতা নিয়ে প্রশ্ন উঠেছে।
এই পরিস্থিতি শেষ পর্যন্ত যদি নির্বাচন কমিশনের আপত্তিতে গড়ায়, তবে জোটের জন্য বরাদ্দ নির্ধারিত ১৩টি সংরক্ষিত আসনের একটি শূন্য হয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। সে ক্ষেত্রে ওই আসনটি নতুন করে উন্মুক্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হবে।































