অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে চুরির ঘটনা
- সর্বশেষ আপডেট ০১:০৬:৪২ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬
- / 66
দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট এলাকায় অবস্থিত অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে মধ্যরাতে এক দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। এই ঘটনাকে সাধারণ কোনো চুরি নয়, বরং একটি পরিকল্পিত নাশকতা বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের বর্তমান অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল। আজ শুক্রবার (১২ জুন) সকালে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. নাসির উদ্দিনের সই করা এক আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক সোয়া ১টার দিকে একদল অজ্ঞাত দুষ্কৃতিকারী অ্যাটর্নি জেনারেল অফিস ভবনের নিচ তলা এবং দোতালার লিফটের সামনের জানালার থাই গ্লাসের দুটি পার্ট সম্পূর্ণ খুলে ফেলে। চোরচক্রটি ভবনের পেছন দিক দিয়ে থাই গ্লাসের একটি পার্ট চুরি করে নিয়ে যেতে সক্ষম হলেও অন্য পার্টটি নিতে পারেনি। গ্লাস খোলার শব্দ পেয়ে অফিসের নৈশপ্রহরী বা দারোয়ান ফজলুল হক ও মিঠুন বাড়ৈ এবং সেখানে কর্তব্যরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে চোরদের ধাওয়া করেন। তবে নিরাপত্তা কর্মীদের তাড়া খেয়ে মালামাল রেখেই অন্ধকারে পালিয়ে যেতে সক্ষম হয় দুষ্কৃতকারীরা।
আজ সকালে চুরির এই ঘটনাটি আনুষ্ঠানিকভাবে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজলকে জানানো হলে তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, ‘এটি সাধারণ চুরি নয়, বরং একটি পরিকল্পিত নাশকতা হতে পারে। বিগত কয়েকদিন ধরে অ্যাটর্নি জেনারেল অফিসকে কেন্দ্র করে এই অফিস থেকে চাকরিচ্যুত হওয়া কতিপয় চিহ্নিত দুর্নীতিপরায়ণ ব্যক্তি অনলাইনে যে ধরনের লাগাতার ও মিথ্যা অপপ্রচার চালাচ্ছে, এই ঘটনায় তাদেরও বড় ধরনের ইন্ধন থাকতে পারে।’
অ্যাটর্নি জেনারেল এই ঘটনার পরপরই জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনিক কর্মকর্তাকে অবিলম্বে থানায় লিখিত অভিযোগ করার নির্দেশ প্রদান করেন। একই সাথে এই ঘটনার পেছনে প্রকৃত দোষী ও পর্দার আড়ালের ইন্ধনদাতাদের খুঁজে বের করতে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সুনিশ্চিত করার জন্য পুলিশের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন তিনি।

































