অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করতে গিয়ে ১৪ আইআরজিসি সদস্য নিহত
- সর্বশেষ আপডেট ১২:১৫:২০ অপরাহ্ন, শনিবার, ২ মে ২০২৬
- / 11
উত্তর-পশ্চিম ইরানের জানজান প্রদেশে একটি ভয়াবহ বিস্ফোরণে ইসলামি বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) ১৪ জন বিশেষজ্ঞ সদস্য নিহত হয়েছেন। শুক্রবার (০১লা মে) যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ফেলে যাওয়া অবিস্ফোরিত বোমা নিষ্ক্রিয় করার সময় এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন এবং নিহতরা সবাই উচ্চ প্রশিক্ষিত বিশেষায়িত ইউনিটের সদস্য ছিলেন।
ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা নিশ্চিত করেছে যে, জানজান প্রদেশের আনসার আল-মাহদি কর্পসের সদস্যরা একটি বিশেষ অভিযানে অংশ নেওয়ার সময় এই প্রাণঘাতী বিস্ফোরণ ঘটে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ বিমান হামলার সময় কিছু গোলাবারুদ অবিস্ফোরিত রয়ে গিয়েছিল। মূলত সেই সব অবিস্ফোরিত বোমা শনাক্ত ও নিষ্ক্রিয় করার নিয়মিত কাজের অংশ হিসেবে এই অভিযানটি পরিচালিত হচ্ছিল।
আনসার আল-মাহদি কর্পসের বিবৃতিতে জানানো হয়, একটি অজ্ঞাত ধরণের শক্তিশালী গোলাবারুদ নিষ্ক্রিয় করার সময় হঠাৎ বিস্ফোরণটি ঘটে। নিহত ১৪ জন সদস্যই আইআরজিসির অত্যন্ত অভিজ্ঞ এবং বিশেষজ্ঞ পর্যায়ের কর্মী ছিলেন। সংস্থাটি দাবি করেছে যে, তারা এ পর্যন্ত এই অঞ্চলে প্রায় ১৫ হাজারের বেশি অবিস্ফোরিত বোমা এবং গোলাবারুদ সফলভাবে নিষ্ক্রিয় করেছে। তবে শুক্রবারের এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ইরানি সামরিক বাহিনীর জন্য একটি বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে।
উল্লেখ্য যে, গত ২৮ ফেব্রুয়ারি তেহরানসহ ইরানের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে বড় ধরণের হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। সেই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং বেশ কয়েকজন শীর্ষ সামরিক কমান্ডার নিহত হন। এর জবাবে ইরানও ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনা লক্ষ্য করে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। বর্তমানে সেই যুদ্ধের রেশ ধরেই ইরানজুড়ে বিভিন্ন জায়গায় ফেলে রাখা অবিস্ফোরিত বোমা উদ্ধারের কাজ চলছে।































