অপু-বুবলীর আগে যার প্রেমে মজেছিলেন শাকিব
- সর্বশেষ আপডেট ০৪:১৮:৫৬ অপরাহ্ন, রবিবার, ২৬ জুলাই ২০২৬
- / 8
ব্যক্তিজীবন নিয়ে খুব একটা মুখ না খুললেও এবার নিজের প্রথম প্রেমের স্মৃতি শেয়ার করলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। চিত্রনায়িকা অপু বিশ্বাস ও শবনম বুবলীর সঙ্গে সম্পর্কের বাইরেও জীবনের এক অজানা অধ্যায়ের কথা জানালেন তিনি।
সম্প্রতি চ্যানেল আইয়ের অনুষ্ঠান ‘চাঁদ তারার গুঞ্জন’-এ চিত্রনায়িকা পূর্ণিমার সঙ্গে আড্ডায় প্রথম প্রেমের প্রসঙ্গ উঠে আসে। আলাপের একপর্যায়ে পূর্ণিমা স্মৃতিচারণ করে বলেন, একসময় একজনের সঙ্গে শাকিবের গভীর প্রেমের সম্পর্ক ছিল।
প্রথমে কিছুটা বিস্ময় প্রকাশ করলেও পরে সেই সম্পর্কের কথা স্বীকার করেন শাকিব। তিনি জানান, মেয়েটি শোবিজ অঙ্গনের কেউ ছিলেন না। গুলশানের একটি ইংরেজি মাধ্যম স্কুলে পড়াশোনা করতেন এবং তার পরিবার ছিল অত্যন্ত সম্মানিত ও বনেদি।
প্রথম প্রেমের স্মৃতিচারণ করে শাকিব বলেন, “আমি মনে মনে তাকেই বিয়ে করতে চেয়েছিলাম। ও খুব ভালো মেয়ে ছিল। আমাকেও অনেক ভালোবাসত, আমিও ওকে খুব ভালোবাসতাম।”
তিনি জানান, অভিনয়জীবনের শুরুর দিকে তাদের সম্পর্ক গড়ে ওঠে। সবকিছু ঠিকঠাক চললেও সময়ের সঙ্গে ভুল বোঝাবুঝি, অভিমান ও নানা পরিস্থিতির কারণে সেই সম্পর্ক বিয়ের পরিণতি পায়নি।
শাকিব বলেন, “আমি ভেবেছিলাম ওর সঙ্গেই জীবন কাটাব। এখনো কখনো একা বসে ভাবি—আমি কাকে ভালোবাসলাম, কার সঙ্গে থাকতে চাইলাম, আর শেষ পর্যন্ত কোথায় এসে দাঁড়ালাম! কীভাবে সবকিছু বদলে গেল, তা আজও পুরোপুরি বুঝে উঠতে পারিনি।”
অনুষ্ঠানে পূর্ণিমা মজার ছলে জানতে চান, সেই মানুষটি যদি এখনো অবিবাহিত থাকেন, তাহলে নতুন করে ভাববেন কি না। উত্তরে হাসতে হাসতে শাকিব বলেন, “জানি না। থাকতেও পারে। তবে আমার মনে হয়, সে আরও ভালো কিছু প্রাপ্য।”
প্রথম প্রেম ভেঙে যাওয়ার বিষয়ে অনুশোচনা আছে কি না—এমন প্রশ্নের জবাবে অভিনেতা বলেন, “যেখানে ভালোবাসা বেশি থাকে, সেখানে ছোট ছোট বিষয় নিয়েও অভিমান হয়। হয়তো সেই কারণেই সম্পর্কটা ভেঙে গেছে। এটা ভাবলে এখনো আমার খারাপ লাগে এবং অনুশোচনা হয়।”































