চট্টগ্রামে মাটি ধসে ২ শ্রমিকের মৃত্যু
- সর্বশেষ আপডেট ১১:৩৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
- / 39
চট্টগ্রাম নগরীর হালিশহর ও আগ্রাবাদ সংযোগস্থলে ওয়াসার পাইপলাইন স্থাপনের জন্য খনন করা গর্তের মাটি ধসে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই শ্রমিক।
বুধবার (২৩ এপ্রিল) রাতে বড়পোল মোড় সংলগ্ন এক্সেস রোড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রমিকেরা হলেন- রাকিব ও তুষার। তাঁদের দুজনের বাড়িই দিনাজপুর জেলায়। আহত সাগর ও এরশাদ বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, এক্সেস রোডে চীনা হাইড্রো নামক একটি ঠিকাদারি প্রতিষ্ঠানের অধীনে ওয়াসার পাইপলাইন বসানোর কাজ চলছিল। রাতে খননকাজ চলাকালে হঠাৎ ওপর থেকে মাটির বিশাল একটি স্তূপ চার শ্রমিকের ওপর ধসে পড়ে। সহকর্মীরা তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপপরিচালক মোহাম্মদ জসীম উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গভীর রাতে খননকাজের সময় নিরাপত্তা ব্যবস্থার ত্রুটির কারণে এই ধস কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

































