চট্টগ্রামে বহুতল ভবনে আগুন: নিহত ২

- সর্বশেষ আপডেট ০৪:১৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬
- / 131
চট্টগ্রাম নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা টেরিবাজারে একটি ১০ তলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে ‘কে বি অর্কিড প্লাজা’ নামের ভবনে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- চট্টগ্রামের পটিয়া উপজেলার বধুপুর মির্জাবাড়ি এলাকার মোহাম্মদ ইয়াসিন খালিফার ছেলে মোহাম্মদ ইউনুস (৫২) এবং পটিয়া থানার বোয়ালখালী ইউনিয়নের পাচুরিয়া এলাকার মামুনুল কাদেরের ছেলে মো. সোলাইমান। আহত মোহাম্মদ মামুন (২৮) বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সকাল সাড়ে ৯টার দিকে ভবনের চতুর্থ তলায় একটি টেইলার্স দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। অল্প সময়ের মধ্যেই আগুন পঞ্চম ও ষষ্ঠ তলায় ছড়িয়ে পড়ে, ফলে ভবনজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক জানান, সকাল ৯টা ৫৫ মিনিটে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেন তারা। প্রায় এক ঘণ্টার চেষ্টায় সকাল ১০টা ৫৩ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক দুইজনকে মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাহরির পর থেকে এলাকায় বিদ্যুৎ ছিল না; সকাল সাড়ে ৯টার দিকে বিদ্যুৎ আসার পরপরই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
টেরিবাজার ব্যবসায়ী সমিতি জানিয়েছে, আগুনে ব্যাপক আর্থিক ক্ষয়ক্ষতি হয়েছে। যে টেইলার্স দোকান থেকে আগুনের সূত্রপাত, সেখানে কর্মচারীদের বেতন ও বোনাস দেওয়ার জন্য আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকা নগদ রাখা ছিল, যা পুড়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে।
উল্লেখ্য, ১০ তলা বিশিষ্ট কে বি অর্কিড প্লাজার নিচের পাঁচ তলায় শপিংমল, ব্যাংক, জুয়েলারি ও টেইলার্স দোকান রয়েছে এবং ওপরের পাঁচ তলায় আবাসিক ফ্ল্যাট অবস্থিত।


































