হরমুজ প্রণালি নিয়ন্ত্রণে ইরানের অধিকার আছে: রাশিয়া
- সর্বশেষ আপডেট ০৬:০৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 2
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল নিয়ন্ত্রণের পূর্ণ অধিকার ইরানের রয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভ্যাসিলি নেবেনজিয়া। একই সঙ্গে তিনি পশ্চিমা দেশগুলোর বিরুদ্ধে কঠোর ভাষায় সমালোচনা করেন।
সোমবার (২৮ এপ্রিল),নেবেনজিয়া বলেন, যুদ্ধকালীন পরিস্থিতিতে কোনো উপকূলীয় রাষ্ট্র নিজের নিরাপত্তার স্বার্থে তার জলসীমায় জাহাজ চলাচল সীমিত বা নিয়ন্ত্রণ করতে পারে—এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি নীতি। কিন্তু ইরানকে এককভাবে দায়ী করে উপস্থাপন করার চেষ্টা চলছে, যা বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে তিনি দাবি করেন।
তিনি পশ্চিমা দেশগুলোর আচরণকে ‘ভণ্ডামি’ ও ‘জলদস্যুতা-সদৃশ নীতি’ হিসেবে আখ্যা দেন। তার অভিযোগ, রাশিয়ার বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় ইউক্রেনকে সমর্থন দিয়ে ইউরোপীয় দেশগুলো আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে এবং একতরফা নিষেধাজ্ঞার মাধ্যমে তাদের কর্মকাণ্ড আড়াল করার চেষ্টা করছে।
জাতিসংঘের মঞ্চে দেওয়া এই বক্তব্যে রুশ রাষ্ট্রদূত বৈশ্বিক সামুদ্রিক নিরাপত্তা ও আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থাকে কেন্দ্র করে চলমান উত্তেজনার প্রসঙ্গও তুলে ধরেন।































