যে তিন জেলায় বন্যার পূর্বাভাস
- সর্বশেষ আপডেট ০৫:০৪:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 16
টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের হাওর এলাকায় আবারও বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জসহ কয়েকটি জেলার নিম্নাঞ্চল আগামী কয়েক দিনের মধ্যে প্লাবিত হতে পারে।
সাম্প্রতিক পূর্বাভাস বলছে, সুরমা-কুশিয়ারা ও ধনু-বাউলাই নদীর পানি কিছুটা কমলেও ভোগাই-কংস নদীর পানি বাড়ছে। এখনো এসব নদীর পানি বিপৎসীমার নিচে থাকলেও উজানে ভারী বৃষ্টিপাতের প্রভাব দ্রুত নিচের দিকে নামছে।
গত ২৪ ঘণ্টায় উত্তর-পূর্বাঞ্চল ও উজানে উল্লেখযোগ্য বৃষ্টি হয়েছে। আবহাওয়া সংস্থাগুলোর তথ্য ইঙ্গিত দিচ্ছে, অন্তত আরও তিন দিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। এতে তৃতীয় দিনের দিকে সুরমা, কুশিয়ারা, খোয়াই ও জুড়ি নদীর পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে—ফলে নদীসংলগ্ন নিম্নাঞ্চলে পানি ঢোকার ঝুঁকি বাড়ছে।
এদিকে ধনু-বাউলাই ও ভোগাই-কংস অববাহিকাতেও পানি বৃদ্ধি অব্যাহত থাকতে পারে, যার প্রভাবে নেত্রকোনা ও কিশোরগঞ্জের কিছু এলাকায় সতর্কসীমা ছোঁয়ার সম্ভাবনা রয়েছে।
পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট এলাকাগুলোতে আগাম প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।































