ট্রাম্পের ‘ফিফা শান্তি পুরস্কার’ বাতিলের দাবি
- সর্বশেষ আপডেট ০৫:৪০:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬
- / 4
মঙ্গলবার (২৮ এপ্রিল), যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দেওয়া ফিফার ‘শান্তি পুরস্কার’ বাতিলের দাবি তুলেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)। ফেডারেশনটির মতে, ফুটবলের সঙ্গে সম্পর্কহীনভাবে এমন পুরস্কার দেওয়া ফিফার নীতিগত অবস্থানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
নরওয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি লিসে ক্লাভেনেস জানিয়েছেন, তারা এ বিষয়ে ফিফাকে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠাবেন। তার ভাষায়, শান্তি পুরস্কারের মতো বিষয় ফিফার দায়িত্বের আওতায় পড়ে কি না, তা নিয়েই প্রশ্ন রয়েছে।
তিনি আরও বলেন, ওয়াশিংটনে বিশ্বকাপ ড্র অনুষ্ঠানে পুরস্কার প্রদান ফিফার রাজনৈতিক নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিক হতে পারে। পাশাপাশি প্রয়োজনীয় অভ্যন্তরীণ প্রক্রিয়া অনুসরণ করা হয়নি বলেও অভিযোগ করেন তিনি।
এদিকে ‘ফেয়ারস্কয়ার’ নামের একটি প্রচারগোষ্ঠী ফিফার নৈতিকতা কমিটির কাছে যে অভিযোগ জমা দিয়েছে, নরওয়ে ফুটবল ফেডারেশন সেটিকেও সমর্থন করার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ৩০ এপ্রিল ভ্যাঙ্কুভারে অনুষ্ঠিত ফিফা কংগ্রেসে বিষয়টি উত্থাপন করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
প্রসঙ্গত, গত ডিসেম্বরে ওয়াশিংটনে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো ডোনাল্ড ট্রাম্পকে এই শান্তি পুরস্কার প্রদান করেন, যা শুরু থেকেই বিতর্কের জন্ম দেয়।































