৭.১ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, সুনামি সতর্কতা
- সর্বশেষ আপডেট ০৩:২১:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
- / 64
জাপানের দক্ষিণাঞ্চলের কিউশু দ্বীপে ৭ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর পরই সর্বোচ্চ ১ মিটার উচ্চতার সুনামির আশঙ্কায় উপকূলীয় এলাকায় সতর্কতা জারি করে বাসিন্দাদের নিরাপদ ও উঁচু স্থানে সরে যেতে নির্দেশ দিয়েছে দেশটির কর্তৃপক্ষ।
মঙ্গলবার (২৮ জুলাই) জাপান মেটিওরোলজিক্যাল এজেন্সি (জেএমএ) জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল কুমামোতো প্রিফেকচারের উপকূলসংলগ্ন সমুদ্র এলাকায়, যার গভীরতা প্রায় ১০ কিলোমিটার।
রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, কিছু উপকূলে সর্বোচ্চ ১ মিটার উচ্চতার ঢেউ আঘাত হানতে পারে। পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
ভূমিকম্পের পর প্রধানমন্ত্রী কার্যালয়ে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। দ্রুত ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ, উদ্ধার তৎপরতা জোরদার এবং জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
কুমামোতো ছাড়াও নাগাসাকি, কাগোশিমা, ফুকুওকা, সাগা, ওইতা ও মিয়াজাকি প্রিফেকচারে জরুরি ভূমিকম্প সতর্কতা জারি করা হয়েছে।
উল্লেখ্য, গত ২৫ জুনও জাপানের উত্তরাঞ্চলে ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। তবে সে ঘটনায় বড় ধরনের প্রাণহানি বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
































