২০২৭ থেকে জানুয়ারিতে হবে এসএসসি পরীক্ষা
- সর্বশেষ আপডেট ০৫:৪৯:০৬ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
- / 113
মাধ্যমিক শিক্ষায় নতুন সময়সূচির ইঙ্গিত দিলেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, ২০২৭ সাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে আয়োজনের পরিকল্পনা নেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশ্নফাঁস ও খাতা মূল্যায়নে অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথাও জানান তিনি।
২০২৭ সাল থেকে এসএসসি ও সমমানের পরীক্ষা জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২৪ জুন) এইচএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ তথ্য জানান। সভায় ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ড-এর কেন্দ্র সচিবরা অংশ নেন।
মন্ত্রী বলেন, আগামী ২ জুলাই শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস বা এ ধরনের অনিয়মের সঙ্গে কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। কোনোভাবেই দায়ীদের ছাড় দেওয়া হবে না।
তিনি আরও জানান, উত্তরপত্র মূল্যায়নের মান নিশ্চিত করতে পরীক্ষকদের খাতা যাচাই কার্যক্রম পর্যবেক্ষণে রাখা হবে। প্রয়োজন হলে এলোমেলোভাবে পুনর্মূল্যায়ন করা হবে। মূল্যায়নে গাফিলতি বা অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সভায় শিক্ষক-কর্মচারীদের দীর্ঘদিনের বকেয়া অবসর ভাতা নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, ২০২২ সাল থেকে যেসব শিক্ষক ও কর্মচারী অবসর ভাতা পাননি, তাদের বকেয়া অর্থ আগামী জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে পরিশোধ শুরু করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এ ছাড়া দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে বিপুলসংখ্যক প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে উল্লেখ করে তিনি বলেন, শূন্য পদগুলো দ্রুত পূরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে, যাতে শিক্ষাপ্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হয়।

































