মরজালের মেম্বার পদে আলোচনায় আল আমিন গাজী সবুজ
- সর্বশেষ আপডেট ০৮:৩৫:৩৬ অপরাহ্ন, শুক্রবার, ৬ নভেম্বর ২০২৬
- / 100
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর রায়পুরা উপজেলার মরজাল ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে মেম্বার পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক আল আমিন গাজী সবুজ। তাঁকে ঘিরে স্থানীয় হাটবাজার, চায়ের দোকান ও পাড়া-মহল্লায় চলছে নির্বাচনী আলোচনা।
আল আমিন গাজী সবুজ পেশাগতভাবে একজন সার্ভেয়ার। পাশাপাশি তিনি সামাজিক কর্মকাণ্ডে যুক্ত এবং স্থানীয়ভাবে পরিচিত মুখ। দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার চেষ্টা করছেন বলে তাঁর সমর্থকদের দাবি।
রাজনৈতিক জীবনে মরজাল ইউনিয়ন বিএনপির দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি। দলীয় নেতাকর্মীদের ভাষ্য, রাজনৈতিক প্রতিকূলতার শিকার হয়েও তিনি দলের সাংগঠনিক কর্মকাণ্ড ও রাজপথের কর্মসূচিতে সক্রিয় ছিলেন। এ কারণে স্থানীয় বিএনপির নেতাকর্মীদের একটি অংশ তাঁকে ত্যাগী ও পরীক্ষিত নেতা হিসেবে বিবেচনা করেন।
এ ছাড়া নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য, বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহ-সম্পাদক এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের আস্থাভাজন হিসেবেও এলাকায় পরিচিত আল আমিন গাজী সবুজ।
আসন্ন নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ড থেকে মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতা করার প্রত্যাশা নিয়ে তিনি স্থানীয় বাসিন্দাদের দোয়া, ভালোবাসা ও সমর্থন চাইছেন। নির্বাচিত হলে এলাকার উন্নয়ন, নাগরিক সেবার মান বৃদ্ধি, সামাজিক সম্প্রীতি বজায় রাখা এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্বাচন সামনে রেখে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে ওয়ার্ডজুড়ে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যে আল আমিন গাজী সবুজের সম্ভাব্য প্রার্থিতা ঘিরেও আগ্রহ তৈরি হয়েছে। তবে নির্বাচনী মাঠে শেষ পর্যন্ত কারা প্রতিদ্বন্দ্বিতা করবেন, তা নির্ভর করবে নির্বাচনের সময় ও প্রার্থীদের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর।






























