মঈন খানের রোগমুক্তি কামনায় রায়পুরায় দোয়া

- সর্বশেষ আপডেট ০৪:১৪:০২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- / 108
নরসিংদীর রায়পুরায় বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের রোগমুক্তি কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপি নেতা ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল।
গতকাল বাদ মাগরিব উপজেলার পলাশতলী ইউনিয়নের খাকচক এলাকায় বিএনপির কার্যালয়ে এ মাহফিল অনুষ্ঠিত হয়। পলাশতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও রায়পুরা উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফের উদ্যোগে এবং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রায়পুরা উপজেলা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ হযরত আলী ভূঁইয়া। প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হয়ে বক্তব্য দেন সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল। এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ বলেন, সবাই যেন ড. আবদুল মঈন খানের জন্য দোয়া করেন, যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আবার সবার মাঝে ফিরে আসতে পারেন। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে উন্নয়নের মাধ্যমে বাংলাদেশ আরও এগিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
দোয়া মাহফিলে ড. আবদুল মঈন খানের দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনা করা হয়। পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ এবং এলাকার শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
এ সময় পলাশতলী ইউনিয়নকে মাদকমুক্ত করার আহ্বান জানান আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ। যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।































