ভিওন চেয়ারম্যানের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
- সর্বশেষ আপডেট ১১:৫৬:৩৯ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬
- / 55
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল বিনিয়োগকারী প্রতিষ্ঠান ভিওন (VEON)-এর চেয়ারম্যান অগি ফাবেলা। আজ সোমবার (২৯ জুন) সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংসদ ভবনে অবস্থিত প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকটি অনুষ্ঠিত হয়।
বৈঠকে দেশের সার্বিক ডিজিটাল সংযোগ সম্প্রসারণ, সর্বাধুনিক প্রযুক্তির সহজলভ্যতা এবং সাধারণ মানুষের জন্য নাগরিকবান্ধব ডিজিটাল সেবা নিশ্চিতকরণের মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
আলোচনাকালে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের তৃণমূল পর্যায়ের মানুষের কাছে প্রযুক্তির আলো পৌঁছে দেওয়ার ওপর জোর দেন। তিনি বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী ও সুলভ মূল্যে মানসম্মত স্মার্টফোন সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দেওয়ার জন্য বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।
পাশাপাশি, দেশের প্রত্যন্ত অঞ্চলের সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীসহ সব শ্রেণি-পেশার মানুষ যাতে ডিজিটাল সেবার সুফল সহজে ভোগ করতে পারেন, সেজন্য ইন্টারনেটের মূল্য আরও সহনীয় ও সাশ্রয়ী পর্যায়ে আনার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার জন্য ভিওন চেয়ারম্যানকে অনুরোধ জানান প্রধানমন্ত্রী।
ভিওন (VEON) চেয়ারম্যান বাংলাদেশের ডিজিটাল খাতের দ্রুত অগ্রগতির প্রশংসা করেন এবং সরকারের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যমাত্রায় তাদের বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা অব্যাহত রাখার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
































