বৈঠকে কী কথা হলো জামায়াত আমিরের সঙ্গে ইইউ রাষ্ট্রদূতের?
- সর্বশেষ আপডেট ০৪:৪৭:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬
- / 129
বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের পারস্পরিক সম্পর্ক, গণতন্ত্র প্রক্রিয়া এবং আসন্ন নির্বাচনের প্রেক্ষাপটসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।
বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে জাতীয় সংসদ ভবনের বিরোধীদলীয় নেতার কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
জামায়াতের প্রচার বিভাগ জানায়, বৈঠকে উভয় পক্ষ রাজনৈতিক পরিস্থিতি, উন্নয়ন সহযোগিতা এবং নির্বাচন-পরবর্তী গণতান্ত্রিক প্রক্রিয়াকে অর্থবহ করার বিষয় নিয়ে মতবিনিময় করেন। বিশেষভাবে সংস্কার কার্যক্রম ও গণভোট বাস্তবায়নের প্রসঙ্গও আলোচনায় আসে বলে জানানো হয়েছে।
এ ছাড়া আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্যভাবে আয়োজনের প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েও মত প্রকাশ করা হয়।
বৈঠকে ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে উপস্থিত ছিলেন পলিটিক্যাল ফার্স্ট সেক্রেটারি সেবাস্টিন রিগার ব্রাউন। জামায়াতের পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় নেতার পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান ও এপিএস মোহাম্মদ নজরুল ইসলাম।
































