বিশ্বকাপে ব্যর্থতা, তবু বহাল আনচেলত্তি!
- সর্বশেষ আপডেট ১২:৩৩:০৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬
- / 12
বিশ্বকাপে শিরোপার স্বপ্ন ভেঙেছে শেষ ষোলোতেই। তবুও কোচ বদলের পথে হাঁটছে না ব্রাজিল। বরং ব্যর্থতার পরও কার্লো আনচেলত্তির ওপর পূর্ণ আস্থা রেখে তাকে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত দায়িত্বে রাখার ঘোষণা দিয়েছে ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।
সিবিএফের জাতীয় দলবিষয়ক নির্বাহী পরিচালক রদ্রিগো কায়েতানো জানিয়েছেন, এখন সবচেয়ে জরুরি বিষয় হলো দলের স্থিতিশীলতা বজায় রাখা। তাৎক্ষণিক আবেগে সিদ্ধান্ত না নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা বাস্তবায়নেই মনোযোগ দিচ্ছে ব্রাজিল।
কায়েতানোর ভাষায়, একটি জাতীয় দলকে সফল করতে ধারাবাহিকতা ও ধৈর্যের বিকল্প নেই। তাই ২০২৬ সালের হতাশা ভুলে ২০৩০ বিশ্বকাপকে লক্ষ্য করেই আনচেলত্তির অধীনে নতুন করে দল গড়ে তোলা হবে।
নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ থেকে বিদায়ের হতাশা এখনও দলের সবাইকে তাড়িয়ে বেড়াচ্ছে বলে জানান কায়েতানো। তবে তিনি মনে করেন, খেলোয়াড়দের নিবেদন, পেশাদারিত্ব ও একাগ্রতা ভবিষ্যতের জন্য বড় আশার বার্তা দিচ্ছে।
সিবিএফ কর্মকর্তার দাবি, আনচেলত্তির অধীনে খুব অল্প সময়েই ব্রাজিলের খেলায় ইতিবাচক পরিবর্তন দেখা গেছে। টুর্নামেন্ট যত এগিয়েছে, দলও তত ছন্দে ফিরেছে। এমন অবস্থায় বিদায় নেওয়াটাই সবচেয়ে বেশি কষ্টের।
২০২৫ সালে রিয়াল মাদ্রিদের দায়িত্ব ছেড়ে ব্রাজিল জাতীয় দলের কোচ হন কার্লো আনচেলত্তি। তার অধীনেই ব্রাজিল বিশ্বকাপ বাছাইপর্ব পেরিয়ে ২০২৬ আসরে জায়গা করে নেয়। যদিও শিরোপার স্বপ্ন অধরাই থেকেছে, তবু সিবিএফের বিশ্বাস- দীর্ঘমেয়াদে সাফল্যের সঠিক পথপ্রদর্শক আনচেলত্তিই।
সব মিলিয়ে একটাই বার্তা দিল ব্রাজিল ফুটবল কর্তৃপক্ষ- বিশ্বকাপ ব্যর্থতায় নয়, ভবিষ্যতের লক্ষ্যেই এগোবে সেলেসাও।

































