বিয়ের অনুষ্ঠানের ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যু
- সর্বশেষ আপডেট ০৩:৪৪:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
- / 11
কুষ্টিয়ার দৌলতপুরে বিয়ের অনুষ্ঠানের প্যান্ডেলের স্ট্যান্ড ফ্যান সরাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহমেদ আনাস বাপ্পি (২২) নামে এক নববিবাহিত যুবকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট) দিবাগত রাত ২টার দিকে উপজেলার হোগলবাড়িয়া ইউনিয়নের গাছের দিয়াড় স্কুলপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আনাস ওই এলাকার ইউসুফ আলীর ছেলে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, প্রায় দুই মাস আগে ফিলিপনগর ইউনিয়নের বাহেরমাদি আলীনগর এলাকার সাইফুল ইসলামের মেয়ে সাইরা খাতুনের সঙ্গে আনাসের বিয়ে হয়। বৃহস্পতিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে নববধূকে আনাসের বাড়িতে নিয়ে আসা হয়। শুক্রবার দুপুরে বৌভাতের আয়োজন করা হয়েছিল।
এ উপলক্ষে বৃহস্পতিবার রাতে বাড়িতে প্যান্ডেল ও আলোকসজ্জার কাজ চলছিল। আনাস নিজেই এসব কাজের তদারকি করছিলেন। একপর্যায়ে রাত ২টার দিকে প্যান্ডেলের একটি স্ট্যান্ড ফ্যান সরাতে গেলে অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় আনাসকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আনাসের বাবা ইউসুফ আলী বলেন, ছেলেকে নিয়ে পরিবারের সবাই আনন্দে ছিলেন। শুক্রবার বৌভাত উপলক্ষে অতিথিদের আপ্যায়নের সব আয়োজনও শেষ করা হয়েছিল। কিন্তু সেই আনন্দের মধ্যেই ছেলেকে হারাতে হলো।
হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সদস্য মিলন হোসেন বলেন, শুক্রবার বৌভাতের আয়োজন ছিল। এর আগেই এমন মর্মান্তিক দুর্ঘটনায় পরিবারটি বড় ধরনের ক্ষতির মুখে পড়েছে।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালেদুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম নেওয়া হচ্ছে।
































