বিদেশি অপারেটরের হাতে যাচ্ছে নিউমুরিং টার্মিনাল
- সর্বশেষ আপডেট ০৬:৪০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 21
চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ১৫ বছরের জন্য আন্তর্জাতিক টার্মিনাল অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে খসড়া কনসেশন চুক্তির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রস্তাব উপস্থাপন করে।
সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) প্রকল্পের আওতায় ‘অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স অব সিপিএ’স নিউ মুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইনক্লুডিং ওভারফ্লো ইয়ার্ড (ওসিওয়াই)’ প্রকল্পের অধীনে টার্মিনালটি পরিচালিত হবে। প্রস্তাবিত চুক্তি অনুযায়ী, আন্তর্জাতিক অপারেটরটি ১৫ বছর এনসিটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব পালন করবে।
চট্টগ্রাম বন্দর দেশের প্রধান সমুদ্রবন্দর হওয়ায় এনসিটির পরিচালনা ও ব্যবস্থাপনা বন্দরের কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রমের সঙ্গে সরাসরি সম্পর্কিত। এ কারণে টার্মিনালটি বিদেশি অপারেটরের মাধ্যমে পরিচালনার উদ্যোগ নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলছে।
বন্দর রক্ষা কমিটিসহ কয়েকটি সংগঠন দীর্ঘদিন ধরে চট্টগ্রাম বন্দরের টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের হাতে দেওয়ার বিরোধিতা করে আসছে। এ দাবিতে তারা মশাল মিছিল, গোলটেবিল বৈঠকসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
এ বিষয়ে অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, এনসিটি বিদেশি কোম্পানির কাছে ইজারা দেওয়া হলে বিষয়টির অর্থনৈতিক দিকের পাশাপাশি রাজনৈতিক, সামরিক ও সার্বভৌমত্বের বিষয়ও বিবেচনায় নিতে হবে। তাঁর মতে, বন্দরের দক্ষতা বাড়াতে বিদেশি কোম্পানির ওপর নির্ভর না করে কাস্টমস, আমলাতন্ত্র ও অবকাঠামোর সংস্কারের পাশাপাশি দেশীয় সক্ষমতা বাড়ানো প্রয়োজন।
একই বৈঠকে সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) রাশিয়া থেকে ইউরিয়া সার আমদানির অনুমোদনও দেওয়া হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের প্রস্তাবের আওতায় সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডেল্টা স্টার ট্রেডিং এফজেড-এলএলসির মাধ্যমে সার আমদানি করা হবে। রাশিয়ার জেএসসি শচেকিনোআজট সারের প্রস্তুতকারক হিসেবে থাকবে।































