সৌদি প্রবাসীদের সতর্ক করল বাংলাদেশ দূতাবাস
- সর্বশেষ আপডেট ০৭:৫৮:২১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 35
সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও সামাজিক শান্তি-শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানিয়েছে বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে সংরক্ষিত ও সংবেদনশীল স্থাপনা বা ঘটনা-সংক্রান্ত ছবি ও ভিডিও ধারণ এবং আইনবিরোধী কোনো বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ বা প্রচার থেকে বিরত থাকতে সতর্ক করা হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দূতাবাসের কাউন্সেলর ও দূতালয় প্রধান মো. রেজাউল ইসলাম স্বাক্ষরিত এক বিশেষ বিজ্ঞপ্তিতে এ সতর্কবার্তা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবে বসবাসরত বাংলাদেশিদের স্থানীয় আইন ও জনশৃঙ্খলার পরিপন্থি কোনো কর্মকাণ্ডে জড়ানো থেকে বিরত থাকতে হবে। সংরক্ষিত এলাকা বা স্থাপনা, সংবেদনশীল ঘটনা ও বিষয় এবং অপ্রয়োজনীয় কোনো ছবি বা ভিডিও ধারণ না করার জন্যও নির্দেশনা দেওয়া হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রেও সতর্ক করেছে দূতাবাস। ফেসবুক, ইউটিউব ও এক্সসহ বিভিন্ন প্ল্যাটফর্মে সৌদি আইন, জননিরাপত্তা বা জনশৃঙ্খলার বিরোধী কোনো বিষয়বস্তু প্রকাশ, প্রচার, সংরক্ষণ, আদান-প্রদান, লাইক, কমেন্ট বা শেয়ার না করার পরামর্শ দেওয়া হয়েছে।
এ ছাড়া ডিপ্লোম্যাটিক কোয়ার্টার ও বাংলাদেশ দূতাবাস এলাকায় সেবা গ্রহণের আগে বা পরে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা এবং অনুমতি ছাড়া ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকতে বলা হয়েছে।
দূতাবাস জানিয়েছে, এসব নির্দেশনা অমান্য করা সৌদি আইনে দণ্ডনীয় অপরাধ হতে পারে। প্রবাসীদের দায়িত্বশীল আচরণ ও স্থানীয় আইনের প্রতি শ্রদ্ধা সৌদি আরবে নিরাপদ ও সুশৃঙ্খল জীবনযাপনের পাশাপাশি বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে সহায়ক হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।































