জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী
মিষ্টির বিরুদ্ধে প্রমাণ মিললে আইনি ব্যবস্থা

- সর্বশেষ আপডেট ০৮:২২:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
- / 139
রাজধানীর মিরপুরের মা ও শিশুস্বাস্থ্য কেন্দ্র রাড্ডা সেন্টার ভাঙচুর ও গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তে প্রমাণিত হলে তার বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এরপর আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তবে তদন্ত শেষ হওয়ার আগে একজন সংসদ সদস্যের বিষয়ে কোনো মন্তব্য করা সমীচীন নয় বলেও উল্লেখ করেন মন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বর্তমান সরকারের সময়ে কোনো অপরাধীকে ছাড় দেওয়া হবে না। কারও বিরুদ্ধে অপরাধের অভিযোগ তদন্তে প্রমাণিত হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। রাড্ডা সেন্টারের ঘটনায়ও তদন্তের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
তিনি বলেন, কোথাও অপরাধের ঘটনা ঘটলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাচ্ছে, মামলা হচ্ছে, তদন্ত ও গ্রেপ্তার কার্যক্রম চলছে। গত সাত মাসে কোনো অপরাধের ঘটনায় পুলিশ ব্যবস্থা নেয়নি; এমন অভিযোগ কেউ প্রমাণ করতে পারবেন না।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, কোনো কোনো ঘটনায় ব্যবস্থা নিতে ১২ থেকে ২৪ ঘণ্টা সময় লাগতে পারে। তবে বর্তমান সরকারের সময়ে সাত দিনের মধ্যে অভিযোগপত্র দেওয়া এবং ১৫ দিনের মধ্যে বিচার সম্পন্ন হওয়ার উদাহরণও রয়েছে।
রাড্ডা সেন্টার ভাঙচুর, লুটপাট ও জমি দখলের ঘটনায় বিএনপির কয়েকজন নেতাকর্মীর নাম আসার পর বিষয়টি নিয়ে আলোচনা চলছে। মিষ্টির ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কয়েকজনের সম্পৃক্ততার তথ্য সামনে আসার পর তার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে এসব অভিযোগের বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি।
এর মধ্যেই সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি। বৃহস্পতিবার বেলা পৌনে ২টার দিকে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের সঙ্গে সাক্ষাৎ করে তিনি পদত্যাগপত্র জমা দেন। পরে জাতীয় সংসদ সচিবালয় তার আসন শূন্য ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করে।
সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রীর পাশে জনপ্রশাসন প্রতিমন্ত্রী আবদুল বারি ও মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি উপস্থিত ছিলেন।
































