বর্জ্য থেকে সম্পদ: টেকসই বাংলাদেশের পথে নতুন ভাবনা
- সর্বশেষ আপডেট ০৫:১৫:০৭ অপরাহ্ন, রবিবার, ১৯ এপ্রিল ২০২৬
- / 10
বর্জ্যকে সম্পদে রূপান্তরের লক্ষ্যে টেকসই পরিকল্পনা নিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ। সবুজ ও পরিচ্ছন্ন দেশ গড়ার এই লক্ষ্যকে সামনে রেখে রাজধানীর সোনারগাঁ হোটেলে অনুষ্ঠিত হলো ‘ওয়েস্ট ম্যানেজমেন্ট’ শীর্ষক এক সেমিনার।
দেশের ভারি যন্ত্রপাতি খাতের অন্যতম প্রতিষ্ঠান আর্থ মুভিং সলিউশন লিমিটেডের আয়োজনে অনুষ্ঠিত এ সেমিনারে বরিশাল সিটি কর্পোরেশনের প্রশাসক, ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্মকর্তা ও বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট খাতের কর্মকর্তারা অংশ নেন।
উদ্বোধনী বক্তব্যে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার মুজিবুল হক বলেন, বর্তমানে বিশ্বের অনেক শিল্পখাতের নেতৃবৃন্দ টেকসই সমাধানের দিকে ঝুঁকছেন। তিনি উল্লেখ করেন, দায়িত্ববোধ ও দূরদর্শিতার সমন্বয়ে আর্থ মুভিং সলিউশন লিমিটেড বাংলাদেশকে আরও পরিচ্ছন্ন, স্মার্ট, সবুজ ও টেকসই ভবিষ্যতের দিকে এগিয়ে নিতে কাজ করে যাচ্ছে।

বরিশাল সিটি করপোরেশন-বিসিসি প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন বলেন, দেশের প্রতিটি সিটিতেই বর্জ্য ব্যবস্থাপনার করুণ দশা, অথচ এটাই যে দেশের বিশাল সম্পদ হতে পারে শুধুমাত্র সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে । এই সেমিনারে মাধ্যমে নতুন কিছু জানার সুযোগ হলো। আশাকরি পরিবেশের কথা চিন্তা করে সুষ্ঠু একটি নগর গড়ে তুলতে সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করবেন।
সেমিনারে বক্তারা উন্নত বিশ্বের আদলে বাংলাদেশে বর্জ্য ব্যবস্থাপনা কীভাবে আরও কার্যকরভাবে বাস্তবায়ন করা যায়, তা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষভাবে তেলচালিত যানবাহনের বিকল্প হিসেবে ইলেকট্রিক যানবাহনের ব্যবহার বাড়ানোর সম্ভাবনা এবং এর বাস্তবায়ন কৌশল তুলে ধরা হয়।
এছাড়া ইউরোপসহ উন্নত দেশগুলোতে বর্জ্য ব্যবস্থাপনায় ব্যবহৃত আধুনিক ভারি যন্ত্রপাতির কার্যকারিতা ও প্রযুক্তিগত দিকগুলো উপস্থাপন করা হয়। কীভাবে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা হচ্ছে- তা নিয়েও মূল প্রবন্ধে বিস্তারিত আলোচনা করা হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ বাংলাদেশের বর্জ্য ব্যবস্থাপনা খাতে নতুন দিগন্ত উন্মোচন করবে এবং একটি পরিবেশবান্ধব ও টেকসই উন্নয়নের পথে দেশকে আরও এগিয়ে নেবে।





































