ফরম কেলেঙ্কারি, শেষ মুহূর্তে পরীক্ষায় ফিরল ১৫ শিক্ষার্থী
- সর্বশেষ আপডেট ১২:২৮:১৮ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 15
শেষ মুহুর্তে স্বস্তি পেলেন নাটোর ও বগুড়ার ১৫ জন এইচএসসি পরীক্ষার্থী। ফরম পূরণের টাকা আত্মসাৎ এবং কারিগরি ত্রুটির কারণে প্রথম দিনের পরীক্ষায় বসতে না পারা এসব শিক্ষার্থী শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের তাৎক্ষণিক হস্তক্ষেপে শনিবার (৪ জুলাই) থেকে নিয়মিত পরীক্ষার্থী হিসেবে পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন।
শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাটোরের লালপুর উপজেলার আব্দুলপুর সরকারি কলেজের ৮ শিক্ষার্থী ফরম পূরণের জন্য টাকা জমা দিলেও কলেজের অফিস সহকারী অমিত কুমার সরকার সেই টাকা বোর্ডে জমা না দিয়ে আত্মসাৎ করেন। ফলে তাদের প্রবেশপত্র ইস্যু হয়নি এবং তারা প্রথম দিনের বাংলা প্রথমপত্র পরীক্ষায় অংশ নিতে পারেননি।
বিষয়টি গণমাধ্যমে প্রকাশিত হলে তা শিক্ষা মন্ত্রীর নজরে আসে। তিনি দ্রুত রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. শামীম আরা চৌধুরীর সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ নিশ্চিত করতে জরুরি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এ ঘটনায় অভিযুক্ত অফিস সহকারী অমিত কুমার সরকারকে ইতোমধ্যে গ্রেপ্তার করেছে পুলিশ।
অন্যদিকে, বগুড়ার সারিয়াকান্দিতে নির্ধারিত সময়ে ফরম পূরণের টাকা জমা দিয়েও কলেজের রেজিস্ট্রেশন নম্বরের ভুলের কারণে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারেননি। একই জেলার মহাস্থানগড় এলাকার আরও ৬ শিক্ষার্থীও ফরম পূরণসংক্রান্ত জটিলতায় পরীক্ষা থেকে বঞ্চিত হন।
অভিযোগ পাওয়ার পর শিক্ষা মন্ত্রী সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে তাৎক্ষণিক যোগাযোগ করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তিরও নির্দেশ দেন।
মন্ত্রণালয় জানিয়েছে, মন্ত্রীর হস্তক্ষেপে বগুড়ার ওই ৭ শিক্ষার্থীর ফরম পূরণের জটিলতাও সমাধান হয়েছে। ফলে নাটোরের ৮ জন এবং বগুড়ার ৭ জনসহ মোট ১৫ শিক্ষার্থী এখন নিয়মিত পরীক্ষার্থী হিসেবে চলতি বছরের এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারবেন।

































