প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে চীন যাচ্ছেন তথ্যমন্ত্রী
- সর্বশেষ আপডেট ০৯:৪৮:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
- / 24
প্রধানমন্ত্রী তারেক রহমানের রাষ্ট্রীয় চীন সফরে অংশ নিতে আজ রাতে বেইজিংয়ের উদ্দেশ্যে ঢাকা ছাড়ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। সফরকালে তিনি উচ্চপর্যায়ের বৈঠকে অংশ নেওয়ার পাশাপাশি গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতে বাংলাদেশ-চীন সহযোগিতা জোরদারে একাধিক সমঝোতা স্মারকে স্বাক্ষর করবেন।
প্রধানমন্ত্রী তারেক রহমানের চলমান রাষ্ট্রীয় চীন সফরের প্রতিনিধিদলে যোগ দিতে মঙ্গলবার (২৩ জুন) রাতে বেইজিংয়ের উদ্দেশ্যে রওনা হচ্ছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, তিন দিনের সরকারি সফরে অংশ নিতে তিনি রাত ১০টা ৩০ মিনিটে এয়ার চায়নার একটি নিয়মিত ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে যাত্রা করবেন।
সফরকালে তথ্যমন্ত্রী চীনের প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্ধারিত উচ্চপর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নীতিনির্ধারণী সভায় অংশ নেবেন।
এ সফরের একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে চীনের প্রেসিডেন্ট এবং বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে গণমাধ্যম ও তথ্যপ্রযুক্তি খাতে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে কয়েকটি দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষরিত হওয়ার কথা রয়েছে।
এছাড়া, চীনের আন্তর্জাতিক গণমাধ্যম প্রতিষ্ঠান ‘চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)’ এবং রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ‘সিনহুয়া নিউজ এজেন্সি’র সঙ্গে বাংলাদেশের সহযোগিতা সম্প্রসারণে একাধিক সমঝোতা স্মারকে (এমওইউ) স্বাক্ষর করবেন তথ্যমন্ত্রী। চীনের সংশ্লিষ্ট মন্ত্রীদের এসব চুক্তিতে স্বাক্ষর করার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর এ গুরুত্বপূর্ণ সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পানিসম্পদমন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানিসহ সরকারের বিভিন্ন পর্যায়ের মন্ত্রী, উপদেষ্টা ও ঊর্ধ্বতন কর্মকর্তারা।
তথ্য ও সম্প্রচারমন্ত্রীর আগামী ২৬ জুন রাতে দেশে ফেরার কথা রয়েছে।

































