নতুন রাষ্ট্রপতিকে শপথ পড়াবেন কে?
- সর্বশেষ আপডেট ১১:৪৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 11
রাষ্ট্রপতি পদে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে মনোনয়ন দেওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। মনোনয়ন ঘোষণার পর দলের মহাসচিব ও মন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন তিনি। সবকিছু ঠিক থাকলে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার পর দায়িত্ব গ্রহণের আগে তাকে সাংবিধানিক শপথ নিতে হবে।
তবে এরই মধ্যে গুরুত্বপূর্ণ একটি সাংবিধানিক প্রশ্ন সামনে এসেছে; মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পড়াবেন কে?
বর্তমানে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। সংবিধানের ৭৪(৩) অনুচ্ছেদ অনুযায়ী, স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করলে তার সংসদীয় কার্যক্রম ডেপুটি স্পিকার পরিচালনা করেন।
অন্যদিকে সংবিধানের ১৪৮ অনুচ্ছেদ অনুযায়ী, তৃতীয় তপশিলে উল্লেখিত সাংবিধানিক পদে দায়িত্ব গ্রহণের আগে নির্ধারিত শপথ নিতে হয়। তৃতীয় তপশিলে রাষ্ট্রপতির শপথ পড়ানোর দায়িত্ব স্পিকারের ওপর দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে একটি সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে। কারণ, স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বর্তমানে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করায় সংসদের স্পিকারের কার্যাবলি ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল পালন করছেন।
সুতরাং মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হলে তাকে শপথ পড়ানোর দায়িত্ব ডেপুটি স্পিকার কায়সার কামালের ওপরই বর্তাবে বলে ধারণা করা হচ্ছে।
কায়সার কামাল এর আগে বিএনপির আইন সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। ফলে রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণের আগে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ পড়াবেন দলটির সাবেক আইন সম্পাদক; যদি সাংবিধানিক প্রক্রিয়া এভাবেই সম্পন্ন হয়।
এতে রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদে ক্ষমতা হস্তান্তরের সময় বিএনপির দুই সাবেক নেতাকে ঘিরে তৈরি হতে পারে একটি ব্যতিক্রমী রাজনৈতিক ও সাংবিধানিক দৃশ্যপট।
তবে শপথ অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা এবং এ ক্ষেত্রে সাংবিধানিক প্রক্রিয়া ঠিক কীভাবে সম্পন্ন হবে, তা শেষ পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।


































