সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৫ শ্রমিকের মৃত্যু

- সর্বশেষ আপডেট ০১:১১:২৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬
- / 238
চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনায় পাঁচ শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
শুক্রবার (১৪ আগস্ট) সকাল ১০টার দিকে ইয়ার্ডে একটি জাহাজে হাউসকিপিংয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে। ফেরদৌস স্টিলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ইয়ার্ডের সেফটি টিম প্রথমে একটি ট্যাংক থেকে গ্যাস নির্গমনের বিষয়টি দেখতে পায়। পরে কয়েকজন সদস্য গ্যাস লিকেজ পরীক্ষা করতে গেলে তারা অসুস্থ হয়ে পড়েন। তাদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়। সেখানে এখন পর্যন্ত পাঁচ শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক জানান, হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক পাঁচজনকে মৃত ঘোষণা করেন। অন্যদের চিকিৎসা চলছে। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—সানি দাস, পলাশ দাস ও মোহাম্মদ হাবিব।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা ইয়ার্ডে কাজ করার সময় হঠাৎ বিষাক্ত গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এতে কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে নেওয়ার পর প্রথমে তিনজনের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আরও দুজন মারা যান।
ইয়ার্ডের ম্যানেজার মোহাম্মদ ইউসুফ বলেন, শুক্রবার ইয়ার্ড বন্ধ ছিল। সকাল ১০টার দিকে স্ক্র্যাপ এলএনজি জাহাজের একটি ট্যাংকে লিকেজ দেখা দেয়। গ্যাসের বিষয়টি দেখতে গিয়ে স্থানীয় কয়েকজন বহিরাগত আক্রান্ত হন। পরে তিনজনের মৃত্যু এবং হাসপাতালে আরও দুজনের মৃত্যুর খবর পাওয়া যায়।
ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডের অ্যাডমিন সাইফুজ্জামান বলেন, সেখানে কোনো বিস্ফোরণ ঘটেনি। গ্যাস লিকেজ থেকে বিষক্রিয়ার কারণেই হতাহতের ঘটনা ঘটেছে। প্রথম দিকে অনেকে এটিকে বিস্ফোরণ বলে মনে করেছিলেন।
সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। প্রাথমিকভাবে গ্যাস লিকেজের ঘটনায় চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গিয়েছিল। হাসপাতালে নেওয়ার পর মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে তখন আশঙ্কা করা হয়েছিল।
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপমহাপরিদর্শক (ডিআইজি) মাহবুবুল হাসান জানান, অন্তত ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। তাদের মধ্যে কয়েকজন মারা গেছেন। বাকিদের সর্বশেষ অবস্থা যাচাই করা হচ্ছে।
গ্যাস কীভাবে নির্গত হয়েছে, নাকি অন্য কোনো কারণে দুর্ঘটনা ঘটেছে—তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি শিপইয়ার্ডে শ্রমিকদের নিরাপত্তাব্যবস্থা যথাযথ ছিল কি না, সেটিও তদন্ত করা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।































