নেত্রকোনায় পিকআপ-ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৪
- সর্বশেষ আপডেট ০৭:১৮:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬
- / 5
নেত্রকোনার পূর্বধলায় পিকআপভ্যান ও সারবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল সাড়ে ৪টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ মহাসড়কের নারান্দিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে তিনজন পুরুষ ও একজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নেত্রকোনা থেকে ময়মনসিংহের দিকে যাচ্ছিল একটি পিকআপভ্যান। এ সময় বিপরীত দিক থেকে আসা সারবোঝাই একটি ট্রাকের সঙ্গে পিকআপটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা চারজন গুরুতর আহত হন। পরে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশে যান চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে শ্যামগঞ্জ পুলিশ ফাঁড়ি, শ্যামগঞ্জ হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম শুরু করেন।
পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, দুর্ঘটনায় নিহত চারজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। যান চলাচল স্বাভাবিক করতে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছেন।































