গুলিবর্ষণ ইরান যুদ্ধ থেকে ‘বিরত’ রাখা যাবে না: ট্রাম্প
- সর্বশেষ আপডেট ০৮:২৫:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 40
ওয়াশিংটনে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক ডিনারে গুলির ঘটনার পরও ইরান ইস্যুতে নিজের অবস্থান অটল থাকার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, এ ধরনের ঘটনা তাকে লক্ষ্য থেকে সরাতে পারবে না।
ওয়াশিংটনে শনিবার রাতে আয়োজিত ওই অনুষ্ঠানে হঠাৎ গুলিবর্ষণের ঘটনায় প্রেসিডেন্ট ট্রাম্পসহ যুক্তরাষ্ট্রের শীর্ষ রাজনৈতিক ব্যক্তিরা নিরাপদে সরিয়ে নেওয়া হয়। মুহূর্তের মধ্যে পুরো ভেন্যুতে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং অনুষ্ঠান স্থগিত করা হয়।
ঘটনার পর হোয়াইট হাউসে সাংবাদিকদের ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধকে কেন্দ্র করে তার অবস্থান অপরিবর্তিত থাকবে। তাঁর ভাষায়, “এটা আমাকে যুদ্ধ জয়ের লক্ষ্য থেকে বিচ্যুত করতে পারবে না।” তিনি আরও বলেন, ঘটনার সঙ্গে ইরান পরিস্থিতির কোনো সম্পর্ক আছে কি না, তা নিশ্চিত নয়।
তবে এর আগে ট্রাম্প ইঙ্গিত দিয়েছিলেন, তদন্তে সব দিকই খতিয়ে দেখা হবে এবং কোনো সম্ভাবনাই পুরোপুরি উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নিরাপত্তা সূত্র জানায়, অনুষ্ঠানের বাইরে হঠাৎ গুলিবর্ষণ শুরু হলে একাধিক নিরাপত্তা বাহিনী দ্রুত ব্যবস্থা নেয়। এক কর্মকর্তার বুলেটপ্রুফ জ্যাকেটে গুলি লাগলেও তিনি গুরুতর আহত হননি। পরে সন্দেহভাজন হামলাকারী হিসেবে ক্যালিফোর্নিয়ার ৩১ বছর বয়সী কোল টমাস অ্যালেনকে শনাক্ত করা হয়।
ঘটনার সময় শত শত অতিথি ও সাংবাদিক আতঙ্কে টেবিলের নিচে আশ্রয় নেন। কেউ কেউ দ্রুত ফোনে তথ্য আদান-প্রদান করেন, আবার অনেকে নিরাপত্তার নির্দেশে বেরিয়ে যান।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর অনুষ্ঠান বাতিল করা হয়। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশন জানায়, পরে এ আয়োজন পুনরায় করা হবে।
ঘটনার পর ট্রাম্প বলেন, রাষ্ট্রপতির দায়িত্ব সব সময়ই ঝুঁকিপূর্ণ। তিনি নিরাপত্তা বাহিনীর দ্রুত পদক্ষেপের প্রশংসা করেন এবং বলেন, হামলাকারীকে মূল ভেন্যুর ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি, যা বড় ধরনের দুর্ঘটনা এড়াতে সহায়তা করেছে।
এদিকে ঘটনাকে ঘিরে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক অঙ্গনে উদ্বেগ দেখা দিয়েছে। একাধিক শীর্ষ নেতা সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন এবং নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদারের কথা বলেছেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার উদ্দেশ্য ও পেছনের কারণ এখনো তদন্তাধীন রয়েছে।



































