ত্রয়োদশ সংসদ নির্বাচন গণতন্ত্রের নতুন দিগন্ত: স্পিকার
- সর্বশেষ আপডেট ০৮:৫৩:৪১ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 16
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে গণতন্ত্রের অগ্রগতির একটি নতুন অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন স্পিকার। ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষকের সঙ্গে বৈঠকে তিনি এ মন্তব্য করেন।
জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারায় নতুন দিগন্ত উন্মোচন করেছে। তিনি বলেন, জনগণের প্রত্যাশা পূরণে এ সংসদ কার্যকর ভূমিকা রাখবে।
রোববার তাঁর কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের প্রধান নির্বাচন পর্যবেক্ষক ইভার্স আইজাবের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে স্পিকার এ মন্তব্য করেন।
তিনি উল্লেখ করে বলেন, প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং নারী প্রতিনিধিত্ব বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছেন।
তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও জাতীয় সংকটে তারা একসঙ্গে কাজ করার চেষ্টা করে—যা সংসদীয় গণতন্ত্রের ইতিবাচক দিক।
বৈঠকে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মধ্যম আয়ের দেশে উত্তরণের পর ইউরোপীয় দেশগুলোর সঙ্গে শুল্কমুক্ত বাণিজ্য সুবিধা ও সম্ভাব্য মুক্ত বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হয়। পাশাপাশি সংসদে নারী ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতিনিধিত্বের বিষয়েও মতবিনিময় করেন তারা।
স্পিকার যুক্ত করেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলোর সঙ্গে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং প্রতিনিধিদল বিনিময় জোরদার করা প্রয়োজন।
বৈঠকে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।































