দ্বিতীয় যমুনা সেতু নির্মাণের সমীক্ষা চলছে
- সর্বশেষ আপডেট ০৯:৫৯:১৯ অপরাহ্ন, রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
- / 12
যানজট কমাতে যমুনা নদীর ওপর দ্বিতীয় সেতু নির্মাণের পরিকল্পনা এগোচ্ছে। ২০৩৩ সালের মধ্যে বাস্তবায়নের লক্ষ্য রেখে এখন চলছে সম্ভাব্যতা সমীক্ষা।
জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত উত্তরে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম বলেন, দ্বিতীয় যমুনা সেতু নির্মাণে সম্ভাব্যতা সমীক্ষার কার্যক্রম বর্তমানে চলমান রয়েছে। তিনি উল্লেখ করে বলেন, প্রকল্পটি সরকারের নির্বাচনী প্রতিশ্রুত গুরুত্বপূর্ণ উদ্যোগগুলোর একটি।
সেতুমন্ত্রী বলেন, বিদ্যমান যমুনা সেতু চার লেনের হওয়ায় বিভিন্ন সময়ে যানজট সৃষ্টি হয়। এ বাস্তবতা বিবেচনায় বিকল্প একটি সেতু নির্মাণের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের মাস্টারপ্ল্যানে ২০৩৩ সালের মধ্যে দ্বিতীয় সেতু বাস্তবায়নের সুপারিশ রয়েছে। সমীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রকল্পের অগ্রগতি নির্ধারিত হবে।
সম্ভাব্য অবস্থান নিয়ে তিনি উল্লেখ করে বলেন, বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জ, গাইবান্ধার বালাসী ঘাট থেকে জামালপুরের দেওয়ানগঞ্জ ঘাট—এ ধরনের কয়েকটি করিডোর বিবেচনায় রয়েছে। তিনি যোগ করেন, সমীক্ষা শেষে চূড়ান্ত অ্যালাইনমেন্ট নির্ধারণ করা হবে।































