খামেনির শোক বইতে বাংলাদেশের স্পিকারের স্বাক্ষর
- সর্বশেষ আপডেট ১২:০৮:০০ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬
- / 16
তেহরানে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ, বীর বিক্রম। এ সময় তিনি খামেনির বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানসহ দেশটির ঊর্ধ্বতন নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষ থেকে শোকসন্তপ্ত ইরানি জাতির প্রতি গভীর সমবেদনা জানান। পরে তিনি সেখানে রাখা শোক বইতেও স্বাক্ষর করেন।
এর আগে স্পিকার ইরানের ইসলামিক কনসালটেটিভ অ্যাসেম্বলির স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে তিনি আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে বাংলাদেশ ও ইরানের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ, সাংস্কৃতিক ও কূটনৈতিক সম্পর্ক আরও জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।
বৈঠকে হাফিজ উদ্দিন আহমদ সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত শান্তি সমঝোতা স্মারক বাস্তবায়নে গালিবাফের ভূমিকার প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, এই সমঝোতা ইরানসহ পুরো অঞ্চলে স্থায়ী শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বয়ে আনবে। বাংলাদেশ সংলাপ ও কূটনীতির মাধ্যমে বিরোধ নিষ্পত্তির পক্ষে অবস্থান অব্যাহত রাখবে বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় তিনি গালিবাফকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আনুষ্ঠানিক আমন্ত্রণ জানান।
পরে স্পিকার ইরানের ক্রীড়ামন্ত্রী আহমাদ দুনিয়ামালীর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে ইরানের ক্রীড়ামন্ত্রী দেশটিতে ক্রিকেটের উন্নয়নে বাংলাদেশের সহযোগিতা কামনা করেন এবং দুই দেশের মধ্যে ক্রীড়া সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরের আগ্রহ প্রকাশ করেন। জবাবে স্পিকার বিষয়টি বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে পৌঁছে দেওয়ার আশ্বাস দেন।
সফরের অংশ হিসেবে স্পিকার ইরান রেডিওর বাংলা বিভাগকে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশ-ইরান দ্বিপাক্ষিক সম্পর্ক, আঞ্চলিক পরিস্থিতি এবং পারস্পরিক সহযোগিতার বিভিন্ন বিষয় তুলে ধরেন। পাশাপাশি ইরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য দূতাবাসের সেবা আরও জোরদারে সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণের কথাও জানান।
এর আগে খামেনির রাষ্ট্রীয় শেষকৃত্যে অংশ নিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বৃহস্পতিবার তেহরান পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবাই।
তথ্য সূত্র: বাসস নিউজ


































