কলিমুল্লাহর জামিন মঞ্জুর
- সর্বশেষ আপডেট ০৩:৪৮:৪৫ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 12
দুর্নীতি দমন কমিশনের মামলায় গ্রেফতার বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহকে জামিন দিয়েছেন হাইকোর্ট। তার বিরুদ্ধে অন্য কোনো মামলা না থাকায় মুক্তিতে আপাতত কোনো বাধা নেই।
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহর জামিন মঞ্জুর করেছেন হাইকোর্ট। রোববার (১৪ জুন) বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, কলিমুল্লাহর বিরুদ্ধে বর্তমানে অন্য কোনো মামলা না থাকায় তার মুক্তিতে আইনি বাধা নেই।
বিশ্ববিদ্যালয়ের বিশেষ উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও অর্থ আত্মসাতের অভিযোগে করা দুর্নীতি দমন কমিশনের মামলায় তিনি গ্রেফতার হন। অভিযোগ অনুযায়ী, শেখ হাসিনা ছাত্রী হল ও ড. ওয়াজেদ মিয়া রিসার্চ অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট ভবন নির্মাণে প্রায় ৪ কোটি টাকার অনিয়ম ও আত্মসাৎ করা হয়েছে।
২০২৫ সালের ৬ আগস্ট রাজধানীর মোহাম্মদপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে আদালত তাকে রিমান্ডে পাঠান। জামিন নামঞ্জুর হওয়ার পর তিনি হাইকোর্টে আবেদন করেন।
মামলায় সাবেক উপাচার্য এ কে এম নূর-উন-নবীসহ আরও কয়েকজনকে আসামি করা হয়েছে। ২০১৭ থেকে ২০২১ সাল পর্যন্ত নাজমুল আহসান কলিমুল্লাহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দায়িত্ব পালন করেন।


































