টিসিবি ডিলার হতে লাগবে মুদি ব্যবসার লাইসেন্স
- সর্বশেষ আপডেট ০৩:৪৩:০০ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 8
টিসিবির ডিলার নিয়োগে নতুন কড়াকড়ি আরোপ করেছে সরকার। এখন থেকে শুধুমাত্র হালনাগাদ মুদি ব্যবসার ট্রেড লাইসেন্সধারীরাই ডিলারশিপের জন্য আবেদন করতে পারবেন। একই সঙ্গে জামানতের পরিমাণ বৃদ্ধি, নবায়ন প্রক্রিয়ায় কঠোরতা এবং তদারকি জোরদারের বিধান যুক্ত করা হয়েছে।
নিম্নআয়ের পরিবারের কাছে ভর্তুকি মূল্যে পণ্য বিতরণ কার্যক্রম আরও স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে টিসিবির ডিলার নিয়োগ ও ব্যবস্থাপনা নীতিমালা সংশোধন করেছে সরকার। নতুন নীতিমালা অনুযায়ী, প্রকৃত মুদি ব্যবসায়ী ছাড়া অন্য কেউ ডিলারশিপের জন্য আবেদন করতে পারবেন না। এজন্য হালনাগাদ মুদি ব্যবসার ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করা হয়েছে।
সংশোধিত নীতিমালায় সরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারী, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী এবং বেসরকারি চাকরিজীবীদের ডিলার হওয়ার অযোগ্য ঘোষণা করা হয়েছে।
ডিলারদের জামানত ৩০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। পাশাপাশি ডিলারশিপ নবায়নের আবেদন মেয়াদ শেষ হওয়ার অন্তত তিন মাস আগে জমা দিতে হবে। মেয়াদোত্তীর্ণের পর সর্বোচ্চ এক মাস জরিমানা দিয়ে নবায়নের সুযোগ থাকবে; এরপর ডিলারশিপ বাতিল হবে।
নতুন নিয়মে জেলা প্রশাসনের তদন্ত ও টিসিবির পরিদর্শনের সময় সংশ্লিষ্ট ডিলারের দোকানে সশরীরে উপস্থিতি বাধ্যতামূলক করা হয়েছে। উপস্থিত না থাকলে নিয়োগ বা নবায়ন অনুমোদন করা হবে না।
এছাড়া কোনো এলাকায় ডিলারশিপ শূন্য হলে বা কার্যক্রম স্থগিত থাকলে জেলা প্রশাসকের অনুমোদনে পার্শ্ববর্তী এলাকার ডিলারের মাধ্যমে পণ্য বিক্রি চালু রাখা যাবে। উপজেলা পর্যায়েও সাময়িক ডিলার ও ট্রাকসেলের সুযোগ রাখা হয়েছে।
বর্তমানে দেশে টিসিবির ৮ হাজার ২৭৩ জন ডিলার রয়েছেন। চলতি মাসের শেষে অনেক ডিলারের চুক্তির মেয়াদ শেষ হওয়ায় নতুন নিয়োগ কার্যক্রমও চলমান রয়েছে।






























