গণমাধ্যমে ব্যবসায়িক গোষ্ঠীর আধিপত্যের অভিযোগ ফখরুলের
- সর্বশেষ আপডেট ০৩:৩৮:১৯ অপরাহ্ন, রবিবার, ১৪ জুন ২০২৬
- / 8
দেশের অনেক গণমাধ্যম ব্যবসায়িক গোষ্ঠীর প্রভাবাধীন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও রাজনৈতিক দর্শন নিয়ে আরও গবেষণার আহ্বান জানিয়েছেন।
জাতীয় প্রেস ক্লাবে রোববার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদতবার্ষিকী উপলক্ষে আয়োজিত ‘গণমাধ্যম ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, গণমাধ্যমের সবচেয়ে বড় সংকট হলো অনেক ক্ষেত্রে তা আর শুধু সংবাদমাধ্যম হিসেবে কাজ করছে না, বরং ব্যবসায়িক গোষ্ঠীর প্রতিনিধিতে পরিণত হয়েছে। সাম্প্রতিক সময়ে কিছু গণমাধ্যমের আচরণে চাটুকারিতার প্রবণতাও দেখা যাচ্ছে। তবে সাংবাদিকরা স্বাধীনভাবে দায়িত্ব পালন করবেন বলেই তিনি আশা প্রকাশ করেন।
মির্জা ফখরুল বলেন, জিয়াউর রহমানের জীবন, রাষ্ট্রদর্শন ও রাজনৈতিক চিন্তাধারা নিয়ে যে পরিমাণ গবেষণা হওয়া উচিত ছিল, তা হয়নি। তরুণ গবেষকদের এ বিষয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ‘বাংলাদেশি জাতীয়তাবাদ’ ধারণার মাধ্যমে জিয়াউর রহমান জাতীয় পরিচয়কে রাজনৈতিক ও রাষ্ট্রীয় ভিত্তি দিয়েছেন। গণতন্ত্র প্রতিষ্ঠা, অর্থনীতি, কৃষি, শিল্প, বৈদেশিক কর্মসংস্থান ও আন্তর্জাতিক কূটনীতিতেও তার গুরুত্বপূর্ণ অবদান রয়েছে।
সভায় নিজের শারীরিক অসুস্থতার কথাও উল্লেখ করেন বিএনপি মহাসচিব। তিনি বলেন, জ্বর থাকলেও মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ থেকেই অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন, জাতীয় প্রেস ক্লাবের সভাপতি কবি হাসান হাফিজ, বিএফইউজের মহাসচিব কাদের গনি চৌধুরী, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব ভূঁইয়াসহ বিভিন্ন গণমাধ্যম ও সাংবাদিক সংগঠনের নেতারা বক্তব্য দেন।






























