এসএসসির ফলাফলের তারিখ ঘোষণা
- সর্বশেষ আপডেট ০৯:২৯:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
- / 13
চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা ও প্রাথমিক গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যেই ফল প্রকাশ করা হচ্ছে এবং পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।
ঢাকা সচিবালয়ে বৃহস্পতিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী জানান, সংশ্লিষ্ট সবার সহযোগিতায় এ বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। প্রশ্নপত্র ফাঁসের কোনো ঘটনা ঘটেনি। আগামী ২০ জুলাই ফলাফল প্রকাশ করা হবে, যা পরীক্ষা শেষ হওয়ার দুই মাসের মধ্যেই সম্পন্ন হচ্ছে।
তিনি বলেন, সেশনজট কমাতে সিলেবাস শেষ হওয়ার পরপরই এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। একই সঙ্গে এক বছর আগেই পরীক্ষার সময়সূচি ঘোষণা করা হয়েছে। শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নেও কাজ চলছে।
সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী আরও জানান, দেশজুড়ে ইনোভেশন, আইডিয়া, স্টার্টআপ ও বিজ্ঞানভিত্তিক কার্যক্রম চলছে। এর সমাপনী আয়োজন ২৮ ও ২৯ জুন অনুষ্ঠিত হবে। ২৯ জুন রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও ইনোভেশন শোকেসিংয়ের ফাইনাল অনুষ্ঠিত হবে।
এ সময় প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, আগামী ২০ জুন প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে। তিনি শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার গুরুত্ব তুলে ধরেন।
প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন বলেন, শুধু সনদনির্ভর শিক্ষা নয়, বাস্তবমুখী ও সৃজনশীল শিক্ষা ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য। এ লক্ষ্যে ‘লার্নিং উইথ হ্যাপিনেস’সহ বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।































